জমি নিয়ে বিরোধ, বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নিহত
সংগৃহীত ছবি
মাগুরার শালিখা উপজেলায় জমিজমা নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের লাঠির আঘাতে মাসুদ গাজী (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে উপজেলার নাঘোষা গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় দুই নারীকে আটক করেছে পুলিশ।
নিহত মাসুদ গাজী ও অভিযুক্ত সিদ্দিক গাজী আপন ভাই। তাদের বাবার রেখে যাওয়া জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলছিল।
শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান জানান, জমি নিয়ে বিরোধের একপর্যায়ে দুই ভাইয়ের মধ্যে বাগ্বিতণ্ডা হয়।
এ সময় সিদ্দিক গাজী লাঠি দিয়ে মাসুদকে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে।
এ ঘটনায় সিদ্দিক গাজীর স্ত্রী কাকলী বেগম ও তাদের ছোট ভাই বাবুল গাজীর স্ত্রী সেতু বেগমকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।