বরিশালে অবৈধ বালু উত্তোলন ও মা ইলিশ শিকারে ৯ জনকে জরিমানা

বরিশালে অবৈধ বালু উত্তোলন ও মা ইলিশ শিকারে ৯ জনকে জরিমানা

ফাইল ছবি

বরিশাল সদর উপজেলায় পরিবেশ রক্ষা ও মা ইলিশ সংরক্ষণে পৃথক অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে কীর্তনখোলা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যবসায়ীকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া নিষিদ্ধ সময়ে মাছ শিকারের দায়ে আটজনকে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. ফরিদা সুলতানা জানান, গত রাতে বরিশাল সদর উপজেলার কীর্তনখোলা নদীর দপদপিয়া সেতুর নিচে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর আওতায় অভিযান পরিচালনা করা হয়।

এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বেলাল হাওলাদার নামে এক বালু ব্যবসায়ীকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪(খ) ধারা লঙ্ঘনের দায়ে একই আইনের ১৫(২) ধারায় তাকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়।

এদিকে, মা ইলিশ সংরক্ষণে কীর্তনখোলা, কালাবদর ও আড়িয়াল খাঁ নদীতে পৃথক অভিযান চালায় উপজেলা প্রশাসন। এ সময় নিষিদ্ধ সময়ে অবৈধভাবে মাছ আহরণের দায়ে আটজনকে আটক করা হয়।

পরে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর আওতায় তাদের কাছ থেকে মোট ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

ইউএনও মোছা. ফরিদা সুলতানা বলেন, প্রকৃতি, পরিবেশ ও মৎস্যসম্পদ রক্ষায় বরিশাল সদর উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ কাজে তিনি সাধারণ মানুষের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।