সিপিবির কার্যালয়ে হামলায় কঠোর ব্যবস্থার আশ্বাস তথ্য উপদেষ্টার

সিপিবির কার্যালয়ে হামলায় কঠোর ব্যবস্থার আশ্বাস তথ্য উপদেষ্টার

ছবি সংগৃহীত।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কার্যালয়ে হামলার ঘটনাকে ফৌজদারি অপরাধ আখ্যা দিয়ে এ বিষয়ে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান।

তিনি বলেন, এ ধরনের অপরাধ প্রতিরোধে সরকারের গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বক্ষণিক কাজ করে চলেছে। তবে মাঠপর্যায়ে সব ঘটনা আগাম ঠেকানো সবসময় সম্ভব হয়ে ওঠে না।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

বর্তমানে দেশের পরিস্থিতি উল্লেখ করে উপদেষ্টা বলেন, বাংলাদেশের অর্থনীতি ও সার্বিক ব্যবস্থা সম্পূর্ণ স্বাভাবিক অবস্থায় ফিরতে কিছুটা সময়ের প্রয়োজন। এই মধ্যবর্তী সময়ে কিছু বিচ্ছিন্ন অপরাধের ঘটনা ঘটতে পারে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—অপরাধ সংঘটিত হওয়ার পর সরকার দ্রুত ও সঠিক ব্যবস্থা নিচ্ছে কি না।

সিপিবির কার্যালয়ে হামলার বিষয়ে আইনি পদক্ষেপ সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, ‘নিশ্চয়ই নেবে। এটা ফৌজদারি অপরাধ, কেন নেবে না?’

তিনি আরও বলেন, রাজনৈতিক দলের কার্যালয় কিংবা সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ঘরবাড়িতে হামলা—যেকোনো অপরাধের ক্ষেত্রেই অপরাধীদের চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি। সরকার যদি অপরাধের পর যথাযথ ব্যবস্থা নিশ্চিত করতে পারে, তবে এ ধরনের অরাজকতা ও অপরাধমূলক ঘটনার প্রবণতা বহুলাংশে কমে আসবে।