চৌদ্দগ্রামে নবজাতক উদ্ধার, নারীসহ ৪ জন গ্রেপ্তার
ছবি সংগৃহীত।
কুমিল্লার চৌদ্দগ্রামে এক নবজাতককে ১ লাখ ৫০ হাজার টাকার বিনিময়ে অন্যত্র সরিয়ে দেওয়ার অভিযোগে নারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার প্রায় চার ঘণ্টার মধ্যে নবজাতকটিকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়নের কালকোট গ্রামের ২১ বছর বয়সী খাদিজা আক্তারের সঙ্গে একই গ্রামের বাসিন্দা আবির হোসেনের (১৯) প্রেমের সম্পর্ক ছিল। অভিযোগ, বিয়ের আশ্বাস দিয়ে আবির তাঁর সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্কে জড়ান। এর ফলে খাদিজা গর্ভবতী হন।
পরবর্তীতে বিষয়টি দুই পরিবারের মধ্যে জানাজানি হলে বিয়ের আশ্বাস দিয়ে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ রয়েছে।
গত ২৩ অক্টোবর ২০২৬ তারিখে চৌদ্দগ্রাম থানাধীন ‘প্রাইম’ নামের একটি বেসরকারি হাসপাতালে খাদিজা একটি ছেলেসন্তান প্রসব করেন। অভিযোগ অনুযায়ী, নবজাতকের পিতৃপরিচয় গোপন করার উদ্দেশ্যে একটি চক্র শিশুটিকে অন্যত্র সরিয়ে দেয়। এ ঘটনায় ১ লাখ ৫০ হাজার টাকার বিনিময়ে ১০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে চুক্তি করার অভিযোগও রয়েছে।
ঘটনাটি কুমিল্লার পুলিশ সুপারের নজরে এলে তাঁর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা ও চৌদ্দগ্রাম থানা পুলিশ অভিযান শুরু করে। গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় প্রায় চার ঘণ্টার মধ্যে নবজাতকটিকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়।
এ ঘটনায় সরাসরি জড়িত থাকার অভিযোগে জোবেদা আক্তার সানজিদা (৩৫), নজরুল ইসলাম মনির (৪৮), স্বপ্না বেগম (৪২) ও রিপনকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় নবজাতককে সরিয়ে দেওয়ার ঘটনায় ব্যবহৃত কথিত চুক্তিপত্রটিও জব্দ করা হয়েছে বলে জানানো হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং মানবপাচার প্রতিরোধ ও দমন আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। ঘটনায় জড়িত অন্যান্য অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।