মুন্সীগঞ্জে বিদেশি পিস্তল-গুলি-চাইনিজ কুড়ালসহ যুবক গ্রেপ্তার
ফাইল ছবি
মুন্সীগঞ্জে অস্ত্রসহ মোল্লাকান্দির চিহ্নিত সন্ত্রাসী সাদ্দাম মাঝিকে (৩২) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মুন্সীগঞ্জ সদর থানার বাগেশ্বর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামি সাদ্দাম মাঝি সদর উপজেলার মাকহাটি গ্রামের মন্নাফ মাঝির ছেলে। তিনি মোল্লাকান্দি এলাকার চিহ্নিত সন্ত্রাসী বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ জানায়, মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলমের সার্বিক দিক নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. কামরান হোসেনের তত্ত্বাবধানে জেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর অভিযান চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় এই অভিযান পরিচালিত হয়।
জেলা গোয়েন্দা শাখার এসআই (নি.) মোহাম্মদ কামরুল হাসানের নেতৃত্বে সঙ্গীয় এএসআই (নি.) দীপক কুমার সরকার ও ফোর্সসহ বাগেশ্বর সাকিন ইব্রাহীম ফকিরের পরিত্যক্ত উত্তর দুয়ারি দোতলা টিনের ঘরের দ্বিতীয় তলার পূর্ব পাশের কক্ষে অভিযান চালানো হয়।
এ সময় আসামি সাদ্দাম মাঝির দখল থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ২ রাউন্ড পিস্তলের গুলি, ২০ রাউন্ড শটগানের কার্তুজ ও ১টি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।
এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে। এই ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।