চাঁদপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগের সাবেক নেতা গ্রেফতার

চাঁদপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগের সাবেক নেতা গ্রেফতার

প্রতিকি ছবি

চাঁদপুরের শাহরাস্তি থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলার তদন্তে সন্দিগ্ধ আসামি হিসেবে সবুজ (২৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি বাংলাদেশ গেরিলা বঙ্গবন্ধু সংগঠনের চাঁদপুর শাখার দপ্তর সম্পাদক এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মতলব দক্ষিণ উপজেলা শাখার সাবেক তথ্য ও প্রচারবিষয়ক সম্পাদক।

মঙ্গলবার সকালে মতলব দক্ষিণ থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। শাহরাস্তি থানা পুলিশের একটি দল মতলব দক্ষিণ থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, শাহরাস্তি মডেল থানার (ওসি) মীর মাহবুবুর রহমানের নির্দেশনায় এসআই শেখ রায়হানুল ইসলামের নেতৃত্বে অভিযানটি চালানো হয়। গ্রেফতার সবুজ মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও উত্তর ইউনিয়নের নাওজান গ্রামের বাসিন্দা। তার বাবা মো. হারুন ও মা সাজেদা।

শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, গত ২০ অক্টোবর এর মামলায় সন্ত্রাসবিরোধী আইনের সংশ্লিষ্ট ধারায় তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে তাকে সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেফতার করা হয়েছে। পরে যথাযথ পুলিশি পাহারায় তাকে চাঁদপুর আদালতে সোপর্দ করা হয়েছে।