ছাত্রদল নেতা হত্যায় এমপির ছেলেকে যুবদল থেকে বহিষ্কার
ছবি সংগৃহীত।
নাটোরের গুরুদাসপুর পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম হত্যা মামলাকে কেন্দ্র করে দলীয় পদ হারালেন সংসদ সদস্য আব্দুল আজিজের ছেলে নুরুজ্জামান মিন্টু।
উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক পদে থাকা মিন্টুকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় যুবদল।
বুধবার (২৮ অক্টোবর) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে শাকিলের মৃত্যুর ঘটনায় জড়িত থাকার অভিযোগের পরিপ্রেক্ষিতে এ সাংগঠনিক সিদ্ধান্তের কথা উল্লেখ করা হয়েছে।
গত ১৪ অক্টোবর রাতে গুরুদাসপুরের চাঁচকৈড় বাজারপাড়া এলাকায় হামলার শিকার হন ছাত্রদল নেতা শাকিল ইসলাম। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে রাজশাহী ও ঢাকায় চিকিৎসা দেওয়া হলেও ২৬ অক্টোবর রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় নুরুজ্জামান মিন্টুকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। পরে আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।