বর্ণাঢ্য আয়োজনে বেরোবি সাংবাদিক সমিতির যুগপূর্তি উদযাপন
সংগৃহীত
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (বেরোবিসাস) এক যুগপূর্তি উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে আলোচনা সভা, বর্ণাঢ্য র্যালি ও কেক কাটার আয়োজন করা হয়। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা পোস্টের ভারপ্রাপ্ত সম্পাদক মো. কামরুল ইসলাম।
সোমবার (২৬ অক্টোবর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের আনন্দ র্যালি শেষে ক্যাফেটেরিয়ায় আয়োজিত আলোচনা সভায় বেরোবিসাসের সভাপতি আবু সাঈদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান।
প্রধান আলোচকের বক্তব্যে ঢাকা পোস্ট এর ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ কামরুল ইসলাম বলেন, আমরা যারা সাংবাদিক পেশায় আছি, আমার জায়গা থেকে বলব কখনোই মোর দেন পলিটিশিয়ান না হওয়ার জন্য। আমরা বিভিন্ন টকশোগুলোতে দেখি যে সাংবাদিকদেরকে দেখি যে একজন পলিটিশিয়ানের যে ভূমিকা থাকে তার চেয়ে বেশি ভূমিকা সে পালন করে। একটাই কারণ থাকতে পারে সুবিধাভোগী। সুবিধাভোগীরা ছাড়া কখনোই মোর দেন পলিটিশিয়ান হওয়ার কিছু নাই।”
তিনি বলেন, “একটা গণ আন্দোলন গণঅভ্যুত্থান হতেই পারে, যে কোন দেশে এটা হবে। কিন্তু, একটা গণঅভ্যুত্থানের সাথে একটা জাতীয় মসজিদের খতিবকে কেন হারায়ে যেতে হবে? কেন জাতীয় প্রেস ক্লাবের প্রেসিডেন্ট সেক্রেটারিকে পালিয়ে যেতে হবে? এগুলো আসলে দুঃখজনক।”
তিনি আরো বলেন, “আমার কথা হচ্ছে অবশ্যই আমাদের সততার জায়গা থেকে আমাদের লেখনীর মাধ্যমে যেন আমরা সেই জায়গাটা রেখে দিতে চাই যেন আজকে থেকে ১০ বছর পরেও আমার লেখার মাধ্যমে শুধু আমার সমাজ পরিবর্তন হবে না, আমার দেশের পরিবর্তন হবে, আমার এই ক্যাম্পাসের পরিবর্তন সাধিত হবে।”
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী বলেন, “বিশ্ববিদ্যালয় হলো জ্ঞান, যুক্তি ও মুক্তচিন্তার কেন্দ্র। এখানে সাংবাদিকতার ভূমিকা হবে গঠনমূলক সমালোচনা, তথ্যনির্ভর বিশ্লেষণ এবং ইতিবাচক বার্তা ছড়িয়ে দেওয়া।” ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের সংবাদ প্রকাশের আগে তথ্যের সত্যতা যাচাই-বাছাই করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
উপাচার্য আরো বলেন, “অনেক সময় যথাযথ যাচাই-বাছাই ছাড়া তথ্য প্রচারের কারণে বিশ্ববিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ন হয়। তাই দায়িত্বশীল সাংবাদিকতার স্বার্থে প্রতিটি সংবাদ প্রকাশের আগে তথ্যের সত্যতা নিশ্চিত করতে হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন এবং তরুণ প্রজন্মকে দক্ষ করে তুলতে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ নিতে হবে।” বিশ্ববিদ্যালয়কে দেশের অন্যতম সেরা বিদ্যাপীঠ হিসেবে গড়ে তুলতে সব অংশীজনকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান উপাচার্য।
সমাপনী বক্তব্যে বেরোবিসাসের সভাপতি আবু সাঈদ বলেন, “সত্য, সাহসিকতা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে আগামী দিনেও এগিয়ে যাবে বেরোবিসাস। বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক দিক তুলে ধরার পাশাপাশি অনিয়ম ও অসংগতির বিষয়ে বেরোবিসাস দায়িত্বশীল ভূমিকা পালন করবে। বেরোবিসাসের এক যুগের পথচলায় যারা শ্রম, মেধা ও নিষ্ঠা দিয়ে সংগঠনকে এগিয়ে নিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।”