স্থানীয় সরকার নির্বাচনে কোনো দলীয় প্রার্থী থাকবে না: সিইসি
ছবি সংগৃহীত।
বাস্তব অভিজ্ঞতা ও প্রক্রিয়া বিবেচনা করে দেশের সব স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন সম্পন্ন করতে প্রায় ১০ মাস থেকে এক বছর সময় লাগতে পারে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
বাসসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, এই নির্বাচনে কোনো দলীয় প্রার্থী থাকবে না।
সিইসি বলেন, ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন দিয়ে এই কার্যক্রম শুরু হচ্ছে। গ্রামাঞ্চলের অধিকাংশ মানুষ স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সেবা গ্রহণ করায় সেবা কার্যক্রম সচল রাখতে এবং উপজেলা পরিষদসহ অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে কাঠামোগত সম্পর্কের কারণে ইউপি নির্বাচনকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচনের পরপরই পৌরসভা নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে।
তবে বিভিন্ন পরীক্ষা (যেমন এসএসসি পরীক্ষা) এবং বর্ষা মৌসুমের সম্ভাব্য বন্যার বিষয়টি বিবেচনা করে নির্বাচনী সময়সূচি নির্ধারণ করা হবে।