দুই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবককে গণধোলাই

দুই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবককে গণধোলাই

প্রতিকি ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় সেলুনে আটকে রেখে ধর্ষণচেষ্টার অভিযোগে রঞ্জিত নামে এক যুবককে গণধোলাই দিয়েছে এলাকাবাসী। মঙ্গলবার দিবাগত রাতে ফতুল্লার ইসদাইর ইসলামবাগ সুগন্ধা আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। রাতেই তাকে শহরের ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে যায় এলাকাবাসী। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে নরসুন্দরকে হাসপাতালে চিকিৎসা করিয়ে আটক করেন।

স্থানীয়রা জানান, চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ৪ ও ৫ বছরের দুই শিশুকে সুগন্ধা আবাসিক এলাকায় সেলুনের ভিতরে নিয়ে যায় নরসুন্দর রঞ্জিত (৩০)। এরপর সেলুনের দরজা লাগিয়ে ধর্ষণচেষ্টার সময় শিশুরা চিৎকার করে। এসময় আশপাশের লোকজন গিয়ে সেলুনের দরজায় ধাক্কা দিলে রঞ্জিত দরজা খুলে দেয়।

তখন শিশুরা কান্না করে সেলুন থেকে বের হয়ে আসে। বিষয়টি তাৎক্ষণিক এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজিত হয়ে উঠে এলাকাবাসী। একপর্যায়ে রঞ্জিতকে ধরে গণধোলাই দিয়ে ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে থানায় খবর দেওয়া হয়।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, অভিযুক্ত রঞ্জিতকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।