পাকিস্তান সীমান্ত দিয়ে আফগানিস্তানে অবাধে মাদক ঢুকছে: তালেবান
সংগৃহীত ছবি
ঐতিহ্যবাহী ও কৃত্রিম মাদকসহ অধিকাংশ মাদকই সীমান্ত পেরিয়ে পাকিস্তান থেকে আফগানিস্তানে চোরাচালান করা হচ্ছে দাবি করেছেন তালেবান সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল মতিন কানি। তিনি মাদক পাচার রোধে ইসলামাবাদকে তাদের দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন।
সাম্প্রতিক সময়ে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে পপি (আফিম তৈরির উদ্ভিদ) চাষ বৃদ্ধির খবরের মধ্যেই আফগানিস্তানের পক্ষ থেকে এমন অভিযোগ এলো। বেশ কিছু গণমাধ্যম প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তানে তালেবান কর্তৃপক্ষের মাদক চাষ নিষিদ্ধ করার পর বেলুচিস্তানের কিছু এলাকা পপি চাষের নতুন কেন্দ্র হিসেবে গড়ে উঠছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাদক পাচার বন্ধে পাকিস্তানের ওপর সৃষ্টি করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন। যাতে আফগানিস্তান ও অন্যান্য এশীয় দেশগুলোতে মাদক পাচার বন্ধ হয়। কানি দাবি করেছেন, আফগানিস্তানে মাদক চাষ প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে এবং তালেবান প্রশাসন মাদকবিরোধী লড়াইয়ে তাদের দায়িত্ব পালন করেছে।
যদিও তালেবানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের এই সাম্প্রতিক মন্তব্যের বিষয়ে পাকিস্তানি কর্তৃপক্ষ এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি। চলতি বছরের জুলাইয়ে জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক কার্যালয়ের (ইউএনওডিসি) একটি প্রতিবেদন অনুযায়ী, ২০২২ সাল পর্যন্ত বিশ্বের প্রায় ৮০ শতাংশ অবৈধ আফিম উৎপাদনকারী দেশ আফগানিস্তান। তবে তালেবান কর্তৃক পপি চাষ নিষিদ্ধ করার পর আফিম উৎপাদন ৯৫ শতাংশ কমে এসেছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, পপি চাষের আওতাধীন জমির পরিমাণ ২০২২ সালের প্রায় ২ লাখ ৩২ হাজার হেক্টর থেকে কমে ২০২৫ সালে ১০ হাজার ২০০ হেক্টরে নেমে এসেছে। একই সময়ে আফিম উৎপাদন ৬ হাজার ২০০ টন থেকে কমে প্রায় ২৯৬ টনে দাঁড়িয়েছে। তবে জাতিসংঘের তথ্যমতে, আফগানিস্তানে বর্তমানে যে পরিমাণ আফিম মজুদ রয়েছে, তা ২০২৬ সালের শেষ পর্যন্ত টিকে থাকতে পারে।
সূত্র: আফগানিস্তান ইন্টারন্যাশনাল।