প্রতিবন্ধী অধিকার বিষয়ক সংসদীয় ককাসের সভাপতি হলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী
ড. এম এ মুহিত
প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষা, সংসদীয় সম্পৃক্ততা বৃদ্ধি ও সংশ্লিষ্ট কার্যক্রমে সমন্বয় জোরদারের লক্ষ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এবং সিরাজগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য ড. এম এ মুহিতকে সভাপতি করে ‘প্রতিবন্ধী অধিকার বিষয়ক সংসদীয় ককাস’ গঠন করা হয়েছে।
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের জারি করা এক নোটিশ থেকে এ তথ্য জানানো হয়েছে।
ককাসের সদস্যরা হলেন, মোহাম্মদ আক্তারুজ্জামান, নেওয়াজ হালিমা আরলী, নিলোফার চৌধুরী মনি, সেলিনা সুলতানা, নাদিয়া পাঠান পাপন, মোসা. নাজমুন নাহার, মোছা. নুসরাত তাবাসসুম জ্যোতি, মাহাবুবা হাকিম এবং তাসমিয়া প্রধান।
ককাসের গঠনের প্রধান উদ্দেশ্য হলো প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও অন্তর্ভুক্তি নিশ্চিত করতে আইন ও নীতিগত উদ্যোগ জোরদার, সংশ্লিষ্ট কর্মসূচির বাস্তবায়ন তদারকি, অন্তর্ভুক্তিমূলক বাজেট বরাদ্দ ও প্রবেশগম্যতা নিশ্চিত করা এবং শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে প্রতিবন্ধী ব্যক্তিদের অংশগ্রহণ বাড়ানো।
পাশাপাশি জাতীয় প্রতিবন্ধী আইন ও আন্তর্জাতিক অঙ্গীকার বাস্তবায়ন পর্যবেক্ষণ এবং সংসদ সদস্যদের সঙ্গে প্রতিবন্ধী ব্যক্তি ও তাঁদের সংগঠনগুলোর নিয়মিত সংলাপের সুযোগ সৃষ্টিতেও কাজ করবে ককাস।
বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার এ ককাসের প্রধান পৃষ্ঠপোষক এবং ডেপুটি স্পিকার পৃষ্ঠপোষক হিসেবে দায়িত্ব পালন করবেন।
ককাসের কার্যক্রম পরিচালনায় সংসদ সচিবালয় প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে।