হাঙ্গেরিতে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বছরে ১৪০ বৃত্তির সুযোগ

হাঙ্গেরিতে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বছরে ১৪০ বৃত্তির সুযোগ

সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের জন্য হাঙ্গেরিতে উচ্চশিক্ষায় প্রতি বছর ১৪০টি বৃত্তির সুযোগ রয়েছে। স্নাতক থেকে পোস্টডক্টরাল পর্যায় পর্যন্ত এসব বৃত্তির আওতায় টিউশন ফি, আবাসন, স্বাস্থ্যসেবা ও জীবনযাত্রার ব্যয়সহ বিভিন্ন সুবিধা দেওয়া হয়। একইসঙ্গে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিক্ষক-শিক্ষার্থী বিনিময়, যৌথ গবেষণা এবং শিক্ষা ও গবেষণায় সহযোগিতা সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেছে হাঙ্গেরি।

বুধবার (২৮ অক্টোবর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে থাকা প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালামের সঙ্গে হাঙ্গেরির একটি প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাতে এসব বিষয়ে আলোচনা হয়। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা)-এর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে হাঙ্গেরির পক্ষে সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রগুলো চিহ্নিত করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ স্থাপনে কাজ করার আগ্রহ জানান দিল্লিস্থ হাঙ্গেরি দূতাবাসের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক কাউন্সেলর ড. ডায়ানা ডাচি। এতে দুই দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শিক্ষা ও গবেষণায় সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা তৈরি হয়েছে।

সাক্ষাৎকালে ড. ডায়ানা ডাচি জানান, বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য হাঙ্গেরিতে প্রতিবছর স্নাতক থেকে পোস্টডক্টরাল পর্যায় পর্যন্ত ১৪০টি বৃত্তির সুযোগ রয়েছে। এসব বৃত্তির আওতায় শিক্ষার্থীরা টিউশন ফি, আবাসন, স্বাস্থ্যসেবা ও জীবনযাত্রার ব্যয়সহ বিভিন্ন সুবিধা পেয়ে থাকেন। এছাড়া, হাঙ্গেরির বিশ্ববিদ্যালয়গুলোতে ৬৬০টিরও বেশি বিষয়ে পড়াশোনার সুযোগ রয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার বিভিন্ন ক্ষেত্র তুলে ধরে অধ্যাপক ড. আবদুস সালাম বলেন, “বিজ্ঞান, প্রকৌশল, কৃত্রিম বুদ্ধিমত্তা, কম্পিউটার বিজ্ঞান, জীবপ্রযুক্তি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ব্যবসায় শিক্ষা, অর্থনীতি ও সামাজিক বিজ্ঞানসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সহযোগিতার যথেষ্ট সম্ভাবনা রয়েছে।”

তিনি বলেন, “শিক্ষক-শিক্ষার্থী বিনিময়, যৌথ গবেষণা, গবেষণাপত্র প্রকাশ এবং আন্তর্জাতিক সম্মেলন, সেমিনার ও ওয়েবিনার আয়োজনের মাধ্যমে পারস্পরিক সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি করা যেতে পারে।” এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় পর্যায়ের পাশাপাশি অনুষদ ও বিভাগ পর্যায়েও কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।

ড. ডায়ানা ডাচি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে হাঙ্গেরির বিশ্ববিদ্যালয়গুলোর যোগাযোগ স্থাপন এবং সম্ভাবনাময় সহযোগিতার ক্ষেত্র চিহ্নিত করতে সংযোগকারী হিসেবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

প্রতিনিধি দলে আরো ছিলেন বাংলাদেশে হাঙ্গেরির কনস্যুলেট অফিসের চিফ অব স্টাফ মো. সুলতানুল আরেফিন। সাক্ষাতে উভয় পক্ষ আন্তর্জাতিক উচ্চশিক্ষার সুযোগ কাজে লাগানো এবং শিক্ষা ও গবেষণায় সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।