বাংলাদেশে আন্তর্জাতিক ফ্যাশন ব্র্যান্ড ‘এথনিক’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু

বাংলাদেশে আন্তর্জাতিক ফ্যাশন ব্র্যান্ড ‘এথনিক’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু

ছবি সংগৃহীত।

আন্তর্জাতিক ফ্যাশন ব্র্যান্ড ‘এথনিক’ (ETHNC) আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে যাত্রা শুরু করেছে। রাজধানীর সেন্টারপয়েন্ট শপিং মলে প্রথম ফ্ল্যাগশিপ স্টোর উদ্বোধনের পাশাপাশি চালু হয়েছে ব্র্যান্ডটির অনলাইন শপিং প্ল্যাটফর্ম।

সেন্টারপয়েন্ট শপিং মলের দ্বিতীয় তলায় ডি২ নম্বর শপে ৭ হাজার ৬৯৬ বর্গফুট আয়তনের স্টোরটি চালু করা হয়েছে। স্বতন্ত্র প্রিন্ট, নান্দনিক নকশা ও সমসাময়িক ফ্যাশনধারার পোশাকের জন্য পরিচিত ব্র্যান্ডটির কালেকশন এখন দেশের ক্রেতারা সরাসরি স্টোর ও অনলাইনে কিনতে পারবেন। অনলাইন শপিংয়ের ঠিকানা bd.ethnc.com।

বাংলাদেশে এথনিকের আনুষ্ঠানিক ফ্র্যাঞ্চাইজি পার্টনার হিসেবে রয়েছে রেনেসাঁ ডেকোর লিমিটেড। প্রতিষ্ঠানটির সহযোগিতায় দেশে আরও অন্তত তিনটি স্টোর চালুর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে ব্র্যান্ড কর্তৃপক্ষ।

যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে ফিজিক্যাল স্টোর ও অনলাইন শপিং সুবিধা এবং সংযুক্ত আরব আমিরাতে অনলাইন কার্যক্রমের পর বাংলাদেশে সম্প্রসারণকে আন্তর্জাতিক যাত্রার নতুন ধাপ হিসেবে দেখছে এথনিক।

ব্র্যান্ডটির চিফ কমার্শিয়াল অ্যান্ড মার্কেটিং অফিসার (সিসিএমও) মুহাম্মদ উসমান বলেন, ‘বাংলাদেশ আমাদের আন্তর্জাতিক যাত্রার একটি গুরুত্বপূর্ণ অংশ। এ দেশের প্রাণবন্ত ফ্যাশন সংস্কৃতি এবং ব্র্যান্ডটির প্রতি ক্রেতাদের দীর্ঘদিনের আগ্রহ ও ভালোবাসাকে আমরা গভীরভাবে মূল্যায়ন করি। ঢাকায় আমাদের প্রথম ফ্ল্যাগশিপ স্টোর ও অনলাইন প্ল্যাটফর্ম চালুর মাধ্যমে স্থানীয় ক্রেতাদের সঙ্গে আরও ঘনিষ্ঠ ও দীর্ঘমেয়াদি সম্পর্ক গড়ে তুলতে আমরা আশাবাদী।’

রেনেসাঁ ডেকোর লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মেহরীন আসাফ বলেন, ‘আন্তর্জাতিক ফ্যাশন ব্র্যান্ড এথনিককে বাংলাদেশে নিয়ে আসা আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। আমরা বিশ্বাস করি, ব্র্যান্ডটির স্বতন্ত্র নকশা ও বৈচিত্র্যময় কালেকশন দেশের ফ্যাশন বাজারে নতুন মাত্রা যোগ করবে।’

বাংলাদেশে ব্র্যান্ডটির পরিচিতি ও উপস্থিতি আরও বিস্তৃত করতে কাজ করার প্রত্যয়ও জানান তিনি।

এথনিক সমসাময়িক ফ্যাশনধারার সঙ্গে স্বতন্ত্র প্রিন্ট ও বৈশিষ্ট্যপূর্ণ নকশার সমন্বয়ে বিভিন্ন ধরনের পোশাক তৈরি করে। আন্তর্জাতিক রিটেইল নেটওয়ার্ক ও ই-কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে বিভিন্ন দেশের ক্রেতাদের কাছে নিজেদের কালেকশন পৌঁছে দিচ্ছে ব্র্যান্ডটি।