‘ধুরন্ধর’ দেখুন, ভারত অনেক শক্তিশালী: চীন সীমান্ত নিয়ে বিজেপির মন্ত্রী

‘ধুরন্ধর’ দেখুন, ভারত অনেক শক্তিশালী: চীন সীমান্ত নিয়ে বিজেপির মন্ত্রী

ছবি সংগৃহীত।

চীন সীমান্তে চলমান সংঘাতের খবরের মধ্যে ভারতের শক্তি ও গোয়েন্দা সক্ষমতার কথা তুলে ধরেছেন অরুণাচল প্রদেশের বিজেপি দলীয় মন্ত্রী বালো রাজা। এ প্রসঙ্গে তিনি ‘ধুরন্ধর’ সিনেমা দেখার পরামর্শ দিয়েছেন। তার দাবি, ভারতের গোয়েন্দা সক্ষমতা অনেক বেড়েছে, তাই দেশটিকে দুর্বল ভাবার সুযোগ নেই।

বুধবার (২৮ অক্টোবর) অরুণাচল প্রদেশের রাজধানী ইটানগরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব মন্তব্য করেন বালো রাজা। তিনি রাজ্যটির নগরবিষয়ক, ভূমি ব্যবস্থাপনা ও বেসামরিক বিমান চলাচলবিষয়ক মন্ত্রী।

ভারত-চীন সীমান্তে সংঘাত অব্যাহত থাকার বিষয়ে ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ (আইটিবিপি) প্রধান শত্রুজিৎ সিং কাপুরের বক্তব্য নিয়ে আলোচনার মধ্যে তার এই মন্তব্য এলো।

বালো রাজা বলেন, আপনি ‘ধুরন্ধর’ সিনেমাটি নিশ্চয়ই দেখেছেন। সিনেমাটি দেখুন, তাহলে বুঝতে পারবেন ভারতের গোয়েন্দা সক্ষমতা কতটা বেড়েছে।

কী বলেছিলেন আইটিবিপি প্রধান

সম্প্রতি রাজস্থানের আলওয়ারে আইটিবিপির এক অনুষ্ঠানে বাহিনীর মহাপরিচালক শত্রুজিৎ সিং কাপুর অরুণাচল প্রদেশের সীমান্তে চীনা সেনাদের সঙ্গে একাধিক স্থানে সংঘাতের কথা জানান।

তিনি বলেন, গত কয়েকদিনে অরুণাচলের বিভিন্ন স্থানে মুখোমুখি অবস্থানের পরিস্থিতি তৈরি হয়েছে এবং তা অব্যাহত রয়েছে।

ভারত ও চীনের মধ্যকার প্রকৃত নিয়ন্ত্রণরেখা বা এলএসি ঘিরে এসব ঘটনার বিষয়ে তার বক্তব্য নতুন করে আলোচনা তৈরি করেছে।

প্রতিবেদন অনুযায়ী, গত জুলাই থেকে অরুণাচল প্রদেশের তাকসিং এলাকায় ভারতীয় সেনাদের কয়েকটি গুরুত্বপূর্ণ টহলস্থলে প্রবেশে চীনা সেনাদের বাধা দেওয়ার খবর সামনে আসে। এরপরও সীমান্তে উত্তেজনা অব্যাহত থাকার কথা বলা হয়েছে।

আইটিবিপি প্রধান জানান, এসব পরিস্থিতিতে বাহিনীর নতুন গঠিত শৌর্য কমান্ডোরা ভালো কাজ করেছেন। উচ্চ পার্বত্য অঞ্চলে যুদ্ধের জন্য বিশেষভাবে প্রশিক্ষিত এই কমান্ডোরা সীমান্তের কঠিন পরিস্থিতি মোকাবিলায় ভূমিকা রাখেন।

১৯৬২ সালে প্রতিষ্ঠিত আইটিবিপি ভারত-চীন সীমান্তের ৩ হাজার ৪৮৮ কিলোমিটার দীর্ঘ প্রকৃত নিয়ন্ত্রণরেখা পাহারা দেয়।

সীমান্ত পরিস্থিতি নিয়ে কেন্দ্রের কাছে ব্যাখ্যা দাবি

অরুণাচল প্রদেশের সীমান্ত পরিস্থিতি নিয়ে ভারতের কেন্দ্রীয় সরকারের কাছে ব্যাখ্যা দাবি করেছেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের (এআইএমআইএম) প্রধান আসাদউদ্দিন ওয়াইসি।

গত ২৪ অক্টোবর তিনি চীনা সেনাদের অনুপ্রবেশ এবং ভারতীয় সেনা ও বেসামরিক নাগরিকদের চলাচলে বাধা দেওয়ার অভিযোগসংক্রান্ত প্রতিবেদন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

ওয়াইসির অভিযোগ, সীমান্তের পরিস্থিতি সম্পর্কে কেন্দ্রীয় সরকার দেশবাসীকে বিস্তারিত জানাচ্ছে না। এ বিষয়ে আগে উত্থাপিত প্রশ্নেরও উত্তর পাওয়া যায়নি বলে দাবি করেন তিনি।

কী বলছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়

সীমান্তে সংঘাতের খবর নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ও বক্তব্য দিয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, সীমান্ত পরিস্থিতি নিয়ে নির্দিষ্ট প্রশ্নের উত্তর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছ থেকে পাওয়া যাবে।

একই সঙ্গে মন্ত্রণালয় বলেছে, চীনা বাহিনী প্রতিষ্ঠিত টহলপদ্ধতি থেকে সরে এলে ভারত-চীন সীমান্তের পরিস্থিতি মাঝেমধ্যে বিঘ্নিত হয়।

বিরোধপূর্ণ বিষয়গুলোর সমাধান এবং ভুল বোঝাবুঝি এড়াতে দুই দেশ কূটনৈতিক ও সামরিক পর্যায়ের বিদ্যমান ব্যবস্থাগুলো ব্যবহার করছে বলেও জানানো হয়েছে।

সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা দুই দেশের সামগ্রিক দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়নের জন্য জরুরি বলে উল্লেখ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

সূত্র: ইন্ডিয়া টুডে