চাকসুর উদ্যোগে ‘নির্যাতনের দাগ’ বইয়ের মোড়ক উন্মোচন

চাকসুর উদ্যোগে ‘নির্যাতনের দাগ’ বইয়ের মোড়ক উন্মোচন

ছবি সংগৃহীত।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) উদ্যোগে আওয়ামী লীগ শাসনামলে ক্যাম্পাসে শিক্ষার্থীদের ওপর নির্যাতনের চিত্র তুলে ধরে রচনা করা ‘নির্যাতনের দাগ’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় চাকসু ভবনের সামনে বইটির মোড়ক উন্মোচন করা হয়। বইটিতে নির্যাতনের শিকার ১৮ জনের অভিজ্ঞতা ও ঘটনার বিবরণ স্থান পেয়েছে।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে চাকসুর ভিপি ইব্রাহিম হোসেন রনি বলেন, ‘এই ক্যাম্পাসে রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত করতে দেয়নি ফ্যাসিস্ট আওয়ামী লীগের ছাত্রসংগঠন ছাত্রলীগ। ক্যাম্পাসে শিক্ষার্থীদের ওপর নির্যাতন, দোকানে ফাও খাওয়া, হল দখল, হুমকি ও রাহাজানির সংস্কৃতি ছাত্রলীগের হাত ধরে তৈরি হয়েছে।

চাকসু ভিপি বলেন, তাদের কারণে আমি চতুর্থ বর্ষে কোনো ক্লাস করতে পারিনি। মাস্টার্স কোর্সেও কোনো ক্লাস করতে পারিনি। আমার মতো এমন হাজারো শিক্ষার্থীকে ছাত্রলীগের নেতাকর্মীদের নির্যাতনের শিকার হতে হয়েছে। আওয়ামী লীগ শাসনামলে চবি ক্যাম্পাসে পাঁচ শিক্ষার্থীকে হত্যা করা হয়।’

তিনি আরও বলেন, ‘জুলাই বিপ্লবসহ এই ক্যাম্পাসে যারা ফ্যাসিবাদের নির্যাতনের শিকার হয়েছেন, হত্যার শিকার হয়েছেন তাদের রুহের মাগফেরাত কামনা করি। অনেকে জুলাই বিপ্লবের পরে ক্যাম্পাসে এসে আক্ষেপ করেছেন, এই ক্যাম্পাসে তাঁরা দীর্ঘ ২০ বছর পা রাখতে পারেননি। আমরা একটি নিরাপদ ক্যাম্পাস চাই, যাতে এই ক্যাম্পাসে আর ফ্যাসিবাদ তৈরি না হয়।’

বইটির সম্পাদক ও চাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হারেস মাতাব্বর বলেন, ‘এই বইয়ে ১৮ জনের নির্যাতনের বর্ণনা উঠে এসেছে। এই বইয়ের মাধ্যমে আমরা চাই, যেন ক্যাম্পাসে আর ফ্যাসিবাদ ফিরে না আসে এবং কোনো শিক্ষার্থী যেন নির্যাতনের শিকার না হয়। বিগত ফ্যাসিবাদী শাসনামলে যারা নির্যাতনের শিকার হয়েছেন, তারা যেন সুষ্ঠু বিচার পান। আমরা একটি সুষ্ঠু, সুশৃঙ্খল ও স্বাভাবিক পরিবেশসম্পন্ন ক্যাম্পাস চাই।’

এ সময় চাকসুর ভিপি ইব্রাহিম হোসেন রনি, চাকসুর জিএস সাইদ বিন হাবীব, সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক এবং বইটির সম্পাদক হারেস মাতাব্বর, যোগাযোগ ও আবাসনবিষয়ক সম্পাদক ইসহাক ভূঁইঞাসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।