অবৈধ অভিবাসন ঠেকাতে কঠোর হচ্ছে ইতালি: রাষ্ট্রদূত

অবৈধ অভিবাসন ঠেকাতে কঠোর হচ্ছে ইতালি: রাষ্ট্রদূত

ছবি: সংগৃহীত

অনিয়মিত অভিবাসন, মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে ইতালি আরও কঠোর অবস্থান নেবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো।

তিনি বলেন, মৃত্যুঝুঁকি নিয়ে লিবিয়া হয়ে সাগরপথে ইউরোপে প্রবেশের পরিবর্তে মানুষকে বৈধ পথে বিদেশ যাওয়ার বিষয়ে উৎসাহিত করতে চায় ইতালি। এ ক্ষেত্রে গণমাধ্যম ও সাংবাদিকেরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) মাদারীপুরের মোস্তফাপুরে মাদারীপুর ও শরীয়তপুরের সাংবাদিকদের জন্য আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালায় অনলাইনে যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।

ইউরোপীয় ইউনিয়ন ও ব্র্যাকের যৌথ অর্থায়নে ‘প্রত্যাশা-২’ প্রকল্পের আওতায় নিরাপদ অভিবাসন, মানবপাচার, অভিবাসী চোরাচালান ও টেকসই পুনরেকত্রীকরণ বিষয়ে এ কর্মশালার আয়োজন করা হয়। এতে দুই জেলার ৬১ জন সাংবাদিক অংশ নেন।

রাষ্ট্রদূত বলেন, ‌‘বিদেশে যাওয়াই জীবনে সফল হওয়ার একমাত্র পথ নয়। দেশেও সম্মানজনক জীবন গড়ার সুযোগ রয়েছে, এ বিষয়টি মানুষের সামনে তুলে ধরতে হবে। বিদেশ যাওয়ার ক্ষেত্রে দালালের ওপর নির্ভর না করে সরকারি সংস্থা ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠানের মাধ্যমে তথ্য যাচাই করে সিদ্ধান্ত নেওয়া জরুরি।’

তিনি আরও বলেন, ‘অভিবাসন নিয়ে গণমাধ্যমের প্রতিবেদন অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানবপাচারের শিকার ব্যক্তিদের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি পাচারকারী চক্রের কার্যক্রম নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করতে হবে। এর মাধ্যমে মানুষকে সচেতন করা, অপরাধীদের চিহ্নিত করা এবং অনিয়মিত অভিবাসনের ঝুঁকি সম্পর্কে জনসচেতনতা বাড়ানো সম্ভব।’

কর্মশালায় আরও বক্তব্য দেন ইউরোপীয় ইউনিয়নের বাংলাদেশ কার্যালয়ের ফার্স্ট সেক্রেটারি লরা কার্তানিয়া ইয়াখ, সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার নূরুল কাদের, ঢাকায় অবস্থিত ইতালি দূতাবাসের মাইগ্রেশন অ্যাটাশে জুসেপ্পে দি জোভান্নি, মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম, ব্র্যাকের সহযোগী পরিচালক শরিফুল হাসান, সাংবাদিক মুনজুরুল করিম ও সুপ্রিম কোর্টের আইনজীবী সালাউদ্দিন রাসেল।