জনবল সংকটে তালাবদ্ধ ৮ কোটি টাকার ল্যাব, ভাইরাসে সর্বস্বান্ত চিংড়ি চাষিরা

জনবল সংকটে তালাবদ্ধ ৮ কোটি টাকার ল্যাব, ভাইরাসে সর্বস্বান্ত চিংড়ি চাষিরা

প্রতিকি ছবি

 

কোটি কোটি টাকা ব্যয়ে অত্যাধুনিক ল্যাব স্থাপন করা হলেও তা তালাবদ্ধ হয়ে পড়ে রয়েছে কেবল প্রয়োজনীয় জনবল ও টেকনিশিয়ানের অভাবে। ফলে ঘেরে ছাড়ার আগে রেণুর গুণগত মান ও ভাইরাস পরীক্ষার কোনো সুযোগ পাচ্ছেন না প্রান্তিক চাষিরা। বাধ্য হয়ে খালি চোখে দেখে কেনা রেণু ঘেরে ছাড়ায় প্রতিনিয়ত মড়ক দেখা দিচ্ছে। এতে ভাইরাসজনিত ভাইরাসে কোটি কোটি টাকার চিংড়ি নষ্ট হয়ে সর্বশান্ত হচ্ছেন দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জনপদ সাতক্ষীরার চিংড়ী চাষিরা। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের অভিঘাতের পাশাপাশি ভাইরাসের এই তান্ডবে এখন মারাত্মক হুমকির মুখে উপকূলীয় এলাকার অর্থনীতি।

সাতক্ষীরা জেলা মৎস্য বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বছরের ডিসেম্বরে সাতক্ষীরার এল্লারচর এলাকায় অবস্থিত ‘চিংড়ি চাষ প্রদর্শনী খামারে’ প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে দুটি অত্যাধুনিক রেণু পরীক্ষা ও পিসিআর ল্যাব স্থাপন করা হয়। উদ্দেশ্য ছিল ঘেরে ছাড়ার আগেই যেন চাষিরা পোনার রোগ-জীবাণু ও গুণগত মান বৈজ্ঞানিক উপায়ে পরীক্ষা করে নিতে পারেন। কিন্তু উদ্বোধনের পর দীর্ঘ সময় পার হয়ে গেলেও প্রশাসনিক জটিলতায় সেখানে কোনো টেকনিশিয়ান বা দক্ষ জনবল নিয়োগ দেওয়া হয়নি। ফলে অব্যবহৃত অবস্থায় পড়ে থেকে কোটি কোটি টাকার স্পর্শকাতর বৈজ্ঞানিক যন্ত্রপাতি ও রাসায়নিক কেমিক্যাল ধুলাবালি জমে নষ্ট হওয়ার উপক্রম হয়েছে।

সাতক্ষীরা জেলাকে বলা হয় বাগদা চিংড়ির প্রধান কেন্দ্র। বর্তমানে জেলায় প্রায় ৫৫ হাজার ঘেরে বাণিজ্যিকভাবে বাগদা চাষ করা হয়, যেখানে প্রতি মৌসুমে ৩০০ কোটিরও বেশি রেণু পোনা ছাড়া হয়। কিন্তু ল্যাব সুবিধা না থাকায় চাষিরা বাজার থেকে বৈজ্ঞানিক পরীক্ষা ছাড়া শুধু অনুমানের ওপর ভিত্তি করে পোনা কিনছেন। ফলে অলক্ষ্যেই ভাইরাসবাহী বা দুর্বল পোনা ঘেরে চলে যাচ্ছে। পোনা কিছুটা বড় হতেই দেখা দিচ্ছে মড়ক, ফাঁকা হয়ে যাচ্ছে একের পর এক মৎস্য ঘের।

ধারাবাহিক লোকসানের ধাক্কায় পুঁজি হারিয়ে অনেক চাষি এখন ভিটেমাটি বিক্রির উপক্রম হয়েছেন। টিকতে না পেরে বাধ্য হয়ে অনেকে চিংড়ি চাষ বন্ধ করে সাধারণ সাদা মাছ বা ধান চাষের দিকে ঝুঁকছেন।

সাতক্ষীরা চিংড়ি চাষ প্রদর্শনী খামারের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শফিকুল ইসলাম জানান, ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত এই খামারটি স্থানীয় মৎস্য অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের অভাবে নষ্ট হতে বসায় তারা উদ্বিগ্ন। তবে প্রয়োজনীয় দক্ষ জনবল চেয়ে ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হয়েছে বলে জেলা মৎস্য বিভাগ নিশ্চিত করেছে।

চিংড়ি পোনা ব্যবসায়ী সমিতির সভাপতি ডা. আবুল কালাম বাবলা জানান, দেশের অন্যতম প্রধান রপ্তানি খাত চিংড়ি শিল্পকে বাঁচিয়ে রাখতে রেণুর ভাইরাস পরীক্ষা নিশ্চিত করা ছাড়া কোনো বিকল্প নেই।  দ্রুত টেকনিশিয়ান ও প্রয়োজনীয় জনবল নিয়োগ দিয়ে ল্যাব দুটি চালু করার ওপর জোর দাবি জানিয়ে তিনি আরও বলেন, অবিলম্বে ব্যবস্থা না নিলে চাষিরা যেমন সর্বস্বান্ত হবেন, তেমনি সরকারি ৮ কোটি টাকার যন্ত্রপাতিও অকেজো হয়ে যাবে।

এদিকে, আমলাতান্ত্রিক জটিলতা নিরসন করে দ্রুত পিসিআর ও রেণু পরীক্ষা ল্যাব দুটিতে প্রয়োজনীয় দক্ষ জনবল পদায়নের দাবি জানিয়েছেন স্থানীয় চাষি ও খাতসংশিষ্টরা। ল্যাব দুটি দ্রুত সচল করা গেলে উপকূলীয় অঞ্চলের সম্ভাবনা ও রপ্তানিমুখী চিংড়ি শিল্প আবারও নতুন প্রাণ ফিরে পাবে বলে আশা করছেন ভূক্তভোগিরা।