চুয়াডাঙ্গায় অবৈধ দুই ইটভাটার চিমনিসহ স্থাপনা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর
ছবি: সংগৃহীত
চুয়াডাঙ্গার দামুড়হুদায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে দুটি ইটভাটার স্থায়ী চিমনিসহ বিভিন্ন স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর।
চুয়াডাঙ্গার দামুড়হুদায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে দুটি ইটভাটার স্থায়ী চিমনিসহ বিভিন্ন স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর।
বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার উপজেলার জয়রামপুর গ্রামের সনি ব্রিকসে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়ম পাওয়া যায়। বৈধ কাগজপত্র না থাকায় ইটভাটাটির স্থায়ী চিমনিসহ বিভিন্ন স্থাপনা ভেঙে দেওয়া হয়। পরে দুধপাতিলা এলাকায় অবৈধভাবে পরিচালিত দোয়েল ইটভাটায় অভিযান চালিয়ে সেখানকার বিভিন্ন স্থাপনাও গুঁড়িয়ে দেওয়া হয়।
অভিযানে নেতৃত্ব দেন দামুড়হুদা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ হোসেন। এ সময় চুয়াডাঙ্গা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নরেশ চন্দ্র বিশ্বাসসহ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও দামুড়হুদা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ হোসেন বলেন, সরকারি নীতিমালা অমান্য করে যেসব ইটভাটা পরিচালিত হচ্ছে, সেগুলো পর্যায়ক্রমে ভেঙে ফেলা হবে।