দুই বাসের পাল্লাপাল্লিতে চাপা পড়ে প্রাণ গেল ইলেকট্রিশিয়ানের

দুই বাসের পাল্লাপাল্লিতে চাপা পড়ে প্রাণ গেল ইলেকট্রিশিয়ানের

প্রতীকী ছবি

রাজধানীর রামপুরা ব্রিজে দুই বাসের পাল্লাপাল্লির মাঝে চাপা পড়ে শহিদুল্লাহ (৩৭) নামের এক ইলেকট্রিশিয়ান নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরের দিকে এ ঘটনা ঘটে।

শহিদুল্লাহ রাজধানীর ডেমরা নড়াইবাগের হারুন অর রশিদের ছেলে। তিনি একটি কারখানায় ইলেকট্রিশিয়ানের চাকরি করতেন।

নিহতের ভাই জুয়েল রানা জানিয়েছেন, গত শনিবার চীন ভ্রমণে গিয়ে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে দেশে ফেরেন শহিদুল্লাহ। পরে দুপুরে বাসায় যাওয়ার উদ্দেশে রামপুরা ব্রিজে একটি বাস থেকে নামেন।

এসময় দুই বাসের পাল্লাপাল্লির মধ্যে চাপা পড়ে গুরুতর আহত হন শহিদুল্লাহ।

পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে রাত ৯টা ১০ মিনিটে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান বলেন, নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রেখে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি বাস ও এর চালককে আটক করা হয়েছে। পরিবারের লিখিত আবেদনের পর আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার রাতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।