বান্দরবানে সেনাবাহিনীর উদ্যোগে ধাত্রীবিদ্যা প্রশিক্ষণ সম্পন্ন

বান্দরবানে সেনাবাহিনীর উদ্যোগে ধাত্রীবিদ্যা প্রশিক্ষণ সম্পন্ন

সংগৃহীত

বান্দরবান জেলায় সেনাবাহিনীর উদ্যোগে গর্ভবতী নারী ও নবজাতকের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে তিন সপ্তাহব্যাপী ধাত্রীবিদ্যা প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।

বান্দরবান সেনা রিজিয়নের তত্ত্বাবধানে এবং ৭ ফিল্ড অ্যাম্বুলেন্সের ব্যবস্থাপনায় ৬৯ পদাতিক ব্রিগেডের আয়োজনে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়।

বান্দরবান ৭ ফিল্ড অ্যাম্বুলেন্স প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবানের সিভিল সার্জন ডা. মোহাম্মদ শাহীন হোসাইন চৌধুরী।

অনুষ্ঠানের প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র ও প্রাথমিক চিকিৎসাসেবার বিভিন্ন উপকরণ তুলে দেন ৭ ফিল্ড অ্যাম্বুলেন্সের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সরফরাজ হায়দার।

এ সময় বান্দরবান সেনা রিজিয়নের অধীন বিভিন্ন পাড়া থেকে নির্বাচিত ১৬ প্রশিক্ষণার্থীকে তিন সপ্তাহের নিবিড় প্রশিক্ষণ শেষে সনদপত্র ও চিকিৎসাসামগ্রী প্রদান করা হয়।

আয়োজকেরা জানান, প্রশিক্ষণ চলাকালে অংশগ্রহণকারীদের নিরাপদ প্রসব পরিচালনা, গর্ভকালীন ও প্রসবোত্তর পরিচর্যা, নবজাতকের প্রাথমিক স্বাস্থ্যসেবা এবং জরুরি পরিস্থিতিতে করণীয় বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান দেওয়া হয়।

তারা আরও জানান, প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে প্রশিক্ষণার্থীরা দুর্গম পাহাড়ি এলাকার মানুষের কাছে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে পারবেন। বিশেষ করে গর্ভবতী নারী ও নবজাতকের জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে তাঁদের এই প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

দুর্গম পাহাড়ি এলাকায় মা ও শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সেনাবাহিনীর এমন মানবিক ও সময়োপযোগী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন প্রশিক্ষণার্থীরা।