বার্জারের তৃতীয় কারখানা স্থাপন প্রকল্পের ব্যয় বেড়েছে

বার্জারের তৃতীয় কারখানা স্থাপন প্রকল্পের ব্যয় বেড়েছে

ফাইল ছবি

শেয়ারবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদ তৃতীয় কারখানা প্রকল্পের জন্য বাজেট বাড়িয়ে ১ হাজার ১৮৪ কোটি টাকা নির্ধারণ করেছে। 

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, মিরসরাইয়ে অবস্থিত জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বার্জার পেইন্টসের তৃতীয় কারখানা স্থাপনের কাজ চলছে। প্রকল্পের সংশোধিত বাজেটে মূল্যস্ফীতি ও বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ওঠানামার প্রভাব বিবেচনায় নেওয়া হয়েছে।

কোম্পানিটি জানিয়েছে, প্রকল্পে উন্নত নিরাপত্তা ব্যবস্থা সংযোজনের পাশাপাশি ডিজিটাল প্রযুক্তি ও স্বয়ংক্রিয়করণ সুবিধা বাড়ানো হবে। এর ফলে উৎপাদন কার্যক্রমের দক্ষতা বৃদ্ধি, পণ্যের গুণগত মান উন্নয়ন, উৎপাদন ও সরবরাহের প্রতিটি ধাপ অনুসরণ এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা জোরদার করা সম্ভব হবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।

এসব সুবিধা যুক্ত করার পাশাপাশি প্রকল্পের সামগ্রিক ব্যয় সাশ্রয়ী রাখতে কিছু নকশা ও বাস্তবায়ন পরিকল্পনায় পরিবর্তন আনা হয়েছে। তবে প্রকল্প বাস্তবায়নকালে মূল্যস্ফীতি এবং বৈদেশিক মুদ্রার বিনিময় হারের পরিবর্তন ব্যয় সমন্বয়ের ক্ষেত্রে প্রভাব ফেলেছে।

সংশোধিত পরিকল্পনা অনুযায়ী, কারখানাটিতে উৎপাদন শুরু হবে ২০২৮ সালের এপ্রিল মাসে। নতুন কারখানাটি চালু হলে কোম্পানির উৎপাদন সক্ষমতা ও পরিচালন দক্ষতা বাড়ানোর সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।