হোঁচট খেয়েছে তালেবানের পপি চাষ নিষিদ্ধের উদ্যোগ
ফাইল ছবি
উত্তর আফগানিস্তানের একটি গ্রামে মোহাম্মদ দাউদের বাড়িতে দেয়ালে এখনো কার্পেট ঝুলে আছে, আর কারুকার্যময় আয়নাগুলোতে এখনো আলো প্রতিফলিত হয়। এগুলো সেই সময়ের স্মৃতিচিহ্ন, যখন পপি ফুলের একটি মাত্র ফসল থেকেই তার পরিবারের সারা বছরের খরচ চলে যেত।
তবে ২৮ বছর বয়সী দাউদ জানান, এখন তার দিন কাটে তুলা ও গমের ক্ষেতে ঝুঁকে কাজ করে। সেখান থেকে যে আয় হয়, তা দিয়ে কোনোমতে জীবন চালানোই দায়।
বালখ প্রদেশের বাবা ইউসুফ গ্রামে নিজের বাড়িতে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমরা ভালোই ছিলাম। এখন আমার সন্তানরা অপুষ্টিতে ভুগছে।”
অতীতের বছরগুলোতে আফগানিস্তানের পপি ক্ষেতগুলো বিশ্বের মোট আফিমের প্রায় ৮০ শতাংশ উৎপাদন করত। এই আফিম মরফিন তৈরির পাশাপাশি হেরোইনের মতো অবৈধ মাদক তৈরিতে ব্যবহৃত হতো।
চার বছর আগে তালেবান আফিম চাষের ওপর অত্যন্ত কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছিল, যার ফলে আফগানিস্তানের জমি থেকে পপি প্রায় পুরোপুরি বিলুপ্ত হয়ে গিয়েছিল। কিন্তু এখন তাদের সর্বোচ্চ নেতার সেই নির্দেশনার কার্যকারিতা কমতে শুরু করেছে। এর পেছনে রয়েছে একটি বাস্তব সমস্যা: বৈধ ফসল চাষ করে আর আগের মতো আয় হচ্ছে না, ফলে অনেক আফগান কৃষক তাদের সন্তানদের মুখে খাবার তুলে দিতে হিমশিম খাচ্ছেন।
জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক কার্যালয় (ইউএনওডিসি) বৃহস্পতিবার জানিয়েছে, কিছু কৃষক আবারো পপি চাষের দিকে ঝুঁকছেন এবং চলতি বছর এর চাষ উল্লেখযোগ্য হারে বেড়েছে। পরিস্থিতির এই পরিবর্তন ইউরোপের মতো দূরবর্তী অঞ্চলগুলোতেও হেরোইনের বাজারকে নতুন করে প্রভাবিত করতে পারে।
আফগানিস্তানে জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক কার্যালয়ের (ইউএনওডিসি) কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ পোলেক ওক সেরেই রয়টার্সকে বলেছেন, অনেক কৃষকের কাছে ‘পোস্ত (পপি) চাষে ফিরে যাওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই।’
দাউদ জানিয়েছেন, তিনি এখনো নিষেধাজ্ঞার নিয়ম মেনে চলছেন। তবে খারাপ দিনগুলোতে তিনি পোস্ত চাষ থেকে আগে যা আয় করতেন, তার মাত্র ৪০ ভাগের এক ভাগ আয় করতে পারেন।
তার সব প্রতিবেশী অবশ্য এই নিষেধাজ্ঞা মেনে চলছেন না। ইউএনওডিসির তথ্য অনুযায়ী, গত বছর বলখ প্রদেশটি পোস্তমুক্ত ছিল, কিন্তু চলতি বছর সেখানে আবারো পোস্ত চাষ হচ্ছে। যদিও তালেবানের কড়া নজরদারির কারণে খুব কম কৃষকই তা স্বীকার করার সাহস পান।
জাতিসংঘের বিশ্লেষণ করা স্যাটেলাইট চিত্র অনুযায়ী, আফগানিস্তানজুড়ে চলতি বছর পোস্ত চাষের পরিমাণ চার গুণেরও বেশি বেড়ে প্রায় ৪৩ হাজার ৩০০ হেক্টরে দাঁড়িয়েছে। কৃষকরা এখন তালেবান কর্মকর্তাদের চোখ ফাঁকি দিতে শস্যক্ষেতের ভেতরে কিংবা মাটির দেয়ালের আড়ালে পোস্ত গাছ লুকিয়ে রাখছেন।
তবে এই চাষাবাদের পরিমাণ ২০২১ সালের—অর্থাৎ তালেবানের নিষেধাজ্ঞা জারির আগের বছরের—১ লাখ ৭৭ হাজার হেক্টরের তুলনায় এখনো মাত্র এক-চতুর্থাংশ।
ইউএনওডিসি -এর তথ্য অনুযায়ী, আফগানিস্তানে চলতি বছর আফিম বিক্রি থেকে প্রায় ৫২৫ মিলিয়ন মার্কিন ডলার আয় হয়েছে। ২০১৮ সালের পর এটিই সর্বোচ্চ পরিমাণ—অবশ্য ২০২২ সালের বিষয়টি ভিন্ন, যখন তালেবানের নিষেধাজ্ঞার কারণে আফিমের দাম আকাশচুম্বী হয়ে গিয়েছিল।
তালেবান এই প্রতিবেদনের ফলাফল প্রত্যাখ্যান করেছে। তাদের দাবি, প্রকৃত চাষাবাদের পরিমাণ জাতিসংঘের প্রাক্কলনের প্রায় অর্ধেক এবং পপি চাষ নির্মূলের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
তালেবান পরিচালিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় রয়টার্সের মন্তব্যের অনুরোধে কোনো সাড়া দেয়নি।