ইন্দোনেশিয়ায় দাবানলের ধোঁয়ায় এক মাসে ৩,৫৬০ জনের মৃত্যু
ছবিঃ সংগৃহীত।
ইন্দোনেশিয়াজুড়ে কয়েক মাস ধরে চলা দাবানলের ধোঁয়া থেকে সৃষ্ট বায়ুদূষণে গত সেপ্টেম্বর মাসে আনুমানিক ৩ হাজার ৫৬০ জনের মৃত্যু হয়েছে।দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে বায়ুদূষণের ভয়াবহ চিত্র উঠে এসেছে এক বৈজ্ঞানিক গবেষণায়।
হেলসিঙ্কিভিত্তিক গবেষণা সংস্থা সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ারের (সিআরইএ) প্রতিবেদনে বলা হয়েছে, একই মাসে দেশটির প্রায় ৫ কোটি ৭৮ লাখ মানুষ অস্বাস্থ্যকর থেকে বিপজ্জনক মাত্রার বায়ুতে শ্বাস নিয়েছেন।
সিআরইএর এক বিবৃতিতে বলা হয়েছে, বন ও ভূমিতে আগুনের কারণে বায়ুর মানের অবনতি হওয়ায় ২০২৬ সালের সেপ্টেম্বরে আনুমানিক ৩ হাজার ৫৬০ জনের মৃত্যু হয়েছে।
আগস্টের তুলনায় এ সংখ্যা প্রায় দ্বিগুণ।
গবেষণায় বাতাসে থাকা অতিক্ষুদ্র ধূলিকণা পিএম২.৫-এর স্বল্পমেয়াদি প্রভাব বিবেচনা করা হয়েছে।
অর্থাৎ, দূষিত বাতাসে শ্বাস নেওয়ার কয়েক দিনের মধ্যে যেসব মৃত্যু হয়েছে, সেগুলো এই হিসাবের অন্তর্ভুক্ত। গবেষণায় দেখা গেছে, এসব মৃত্যুর বেশির ভাগই ঘটেছে বোর্নিও দ্বীপের ইন্দোনেশীয় অংশে।
এ ছাড়া জাভা, সুমাত্রা এবং দেশটির পূর্বাঞ্চলেও প্রাণহানির ঘটনা ঘটেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সেপ্টেম্বর মাসে ইন্দোনেশিয়াজুড়ে পিএম২.৫ দূষণের মাত্রা বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত বার্ষিক সীমার সাত গুণেরও বেশি ছিল।
সুমাত্রায় এই মাত্রা ছিল ১০ গুণ এবং বোর্নিও দ্বীপের কালিমান্তান অঞ্চলে ২৪ গুণ বেশি। এ ছাড়া দেশজুড়ে তীব্র শ্বাসতন্ত্রের সংক্রমণে ৩ লাখ ৩০ হাজারের বেশি আক্রান্তের ঘটনা নথিভুক্ত করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
পিএম২.৫ কণা এতটাই ক্ষুদ্র যে তা শ্বাসের সঙ্গে ফুসফুসে প্রবেশ করতে পারে। এমনকি রক্তপ্রবাহেও মিশে যেতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলছে, এসব ক্ষুদ্র কণার সংস্পর্শে এলে বিভিন্ন রোগ ও অকালমৃত্যুর ঝুঁকি বেড়ে যায়।
গবেষকেরা দাবানলের বাইরের দূষণের প্রভাবও হিসাব করেছেন। শহর ও শিল্পকারখানা থেকে ছড়িয়ে পড়া দূষণের কারণে সেপ্টেম্বর মাসে আরো ১ হাজার ৭৫০ জনের মৃত্যু হয়েছে।
সব মিলিয়ে প্রায় ২৭ কোটি ৮০ লাখ জনসংখ্যার দেশ ইন্দোনেশিয়ায় সেপ্টেম্বরে বায়ুদূষণজনিত মৃত্যুর আনুমানিক সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৩১০ জনে।