শীতের আগেই নওগাঁয় খেজুর সংগ্রহে ব্যস্ত গাছিরা
ছবি: সংগৃহীত
নওগাঁর আত্রাইয়ে শীতের আগমনে শুরু হয়েছে খেজুরের রস সংগ্রহের তৎপরতা। মূলত এটি শীতকালীন রস হলেও এবার আগাম রস সংগ্রহে মাঠে নেমেছেন গাছিরা। সুস্বাদু এ রস সংগ্রহে তারা এখন খেজুর গাছে গাছে বিচরণ করছেন। দুপুর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত গাছে হাঁড়ি টানাতে ব্যস্ত সময় পার করতে দেখা যায় তাদের।
উপজেলার ৮টি ইউনিয়নের বিভিন্ন গ্রামের রাস্তায়, বাড়ির উঠানে ও জমির আইলে হাজার হাজার খেজুর গাছ রয়েছে। তবে সবচেয়ে বেশি দৃষ্টি কেড়েছে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়ক ঘেঁষে থাকা রেললাইনের খেজুর গাছগুলো। আত্রাই রেলওয়ে (পুরাতন) স্টেশন থেকে উত্তর দিকে মহাদিঘি পর্যন্ত রেললাইনের দুই ধারে প্রায় তিন শতাধিক খেজুর গাছ থেকে রস সংগ্রহ শুরু করেছেন গাছিরা।
একসময় স্থানীয় গাছিরাই এসব গাছ থেকে রস সংগ্রহ করতেন, তবে বর্তমানে তাদের তেমন একটা দেখা মেলে না। তাই প্রতিবছর রাজশাহীর বাঘা, আড়ানি ও নাটোরের লালপুর এলাকা থেকে গাছিরা এসে এসব গাছ থেকে রস সংগ্রহ করেন। এই রস দিয়ে সুস্বাদু লালি ও গুড় তৈরি করা হয়, যা স্থানীয় চাহিদা মিটিয়ে অন্যান্য জেলায়ও বাজারজাত করা হয়।
বিগত বছরগুলোর মতো এবারও রাজশাহীর বাঘা উপজেলার খায়েরহাট গ্রামের মোয়াজ্জেম হোসেনসহ তিনজন এবং নাটোরের লালপুর উপজেলার কচুয়া গ্রামের আব্দুল ইসলামসহ দুজন গাছি রস সংগ্রহ শুরু করেছেন।
খায়েরহাটের গাছি মোয়াজ্জেম হোসেন বলেন, আমরা দীর্ঘদিন ধরে এ পেশায় নিয়োজিত। আত্রাই রেললাইনসহ এলাকার প্রায় দুই শতাধিক খেজুর গাছ থেকে রস সংগ্রহ করি। কাকডাকা ভোর থেকে রস জ্বাল দিয়ে লালি ও গুড় তৈরি করতে হয়। বছরের চার মাস আমরা এ কাজ করি এবং এর আয় দিয়েই সারা বছর সংসারের ব্যয়ভার বহন করি।
লালপুর উপজেলার কচুয়া গ্রামের গাছি আব্দুল ইসলাম বলেন, খেজুরের রস সংগ্রহ করা বেশ ঝুঁকিপূর্ণ একটি কাজ। বিশেষ অভিজ্ঞতা ছাড়া যে কেউ এ কাজ করতে পারবেন না। বিশেষ করে রস জ্বাল দিয়ে লালি বা গুড় তৈরি করা খুবই কষ্টের। তবু সংসারের ব্যয়ভার মেটাতে সবকিছু উপেক্ষা করে আমরা এ পেশা ধরে রেখেছি।
উপজেলা কৃষি কর্মকর্তা প্রসেনজিৎ তালুকদার বলেন, খেজুর গাছ একটি অত্যন্ত লাভজনক গাছ। পতিত জমি, রাস্তার ধার বা যেকোনো জায়গায় এ গাছ জন্মায়। খেজুর গাছ থেকে একদিকে যেমন সুস্বাদু রস, লালি ও গুড় পাওয়া যায়, তেমনি মেলে প্রচুর জ্বালানিও। অধিক হারে খেজুর গাছ রোপণ ও পরিচর্যা করলে কৃষকরা বেশ লাভবান হবেন।