রাজধানীতে জামায়াতের প্রচার মিছিলে স্ট্রোক করে নেতার মৃত্যু

রাজধানীতে জামায়াতের প্রচার মিছিলে স্ট্রোক করে নেতার মৃত্যু

ছবি সংগৃহীত।

আগামীকাল শনিবার (৩১ অক্টোবর) ঢাকা-খুলনা-ঝিনাইদহ-কুষ্টিয়া অভিমুখে লংমার্চ করবে ১১ দলীয় ঐক্য। সেই লংমার্চকে সামনে রেখে শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে রাজধানীতে প্রচার মিছিল করা হয়েছে।

সেই মিছিল চলাকালে স্ট্রোক করেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের নিউমার্কেট থানা কর্মপরিষদ সদস্য লুৎফুল্লাহ মাজেদ। পরে তাৎক্ষণিকভাবে তাকে ল্যাবএইড হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

শুক্রবার রাত ৯টা ১২ মিনিটের দিকে ডাকসু ভিপি সাদিক কায়েম তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন।

পোস্টে সাদিক কায়েম লেখেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নিউমার্কেট থানা কর্মপরিষদ সদস্য, অফিস ও বায়তুলমাল সম্পাদক লুৎফুল্লাহ মাজেদ আজ বিকেল ৫টায় লংমার্চের প্রচার মিছিল চলাকালে স্ট্রোক করেন। তাৎক্ষণিকভাবে তাকে ল্যাবএইড হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসকরা ইন্তেকালের বিষয়টি নিশ্চিত করেন।’

তিনি আরও লেখেন, ‘আজ বাদে এশা কাটাবন মসজিদে ভাইয়ের জানাজা সম্পন্ন হয়েছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন ভাইয়ের জীবনের সকল ভুলত্রুটি ক্ষমা করে তাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করুন। শোকসন্তপ্ত পরিবার-পরিজনকে সবরে জামিল দান করুক। আমিন।’