গুলশানে ডাকাতির প্রস্তুতির অভিযোগে চাকুসহ যুবক গ্রেফতার
প্রতিকি ছবি
রাজধানীর গুলশান এলাকা থেকে ডাকাতির প্রস্তুতির অভিযোগে মো. জীবন মিয়া (২৬) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি ধারালো চাকু উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গুলশান মডেল থানা-পুলিশ জানায়, শুক্রবার ভোরে নিয়মিত টহলের সময় তারা খবর পায়, গুলশান-১ নম্বরের একটি খালি জায়গায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একদল ব্যক্তি ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছেন। খবর পেয়ে ভোর সাড়ে চারটার দিকে সেখানে অভিযান চালায় পুলিশের টহল দল।
অভিযানকালে জীবন মিয়াকে গ্রেফতার করা হয়। তবে তার সঙ্গে থাকা অজ্ঞাতনামা আরও ১২ থেকে ১৩ জন পালিয়ে যান। এ সময় জীবন মিয়ার কাছ থেকে একটি ধারালো চাকু উদ্ধার করা হয়।
ডিএমপি জানায়, এ ঘটনায় জীবন মিয়াসহ পলাতক ব্যক্তিদের বিরুদ্ধে গুলশান মডেল থানায় মামলা হয়েছে। পলাতক ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।