মাছ ধরতে গিয়ে নিখোঁজ, নদীতে মিলল আ. লীগ নেতার মরদেহ
সংগৃহীত ছবি
টাঙ্গাইলের মির্জাপুরে নদী থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতার মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে বাড়ির পাশের লৌহজং নদীর বক্সি বাড়ির ঘাট থেকে তার মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যরা।
নিহত এ আওয়ামী লীগ নেতার নাম ইউনুস আল মোর্শেদ (৪৮)। তিনি মির্জাপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং কাঁঠালিয়া গ্রামের মৃত আমীর হোসেনের ছেলে।
জানা গেছে, মোর্শেদ নিয়মিত বাড়ির পাশের লৌহজং নদীর বক্সি বাড়ির ঘাটে ধর্মজাল দিয়ে মাছ ধরতেন। প্রতিদিনের মতো শুক্রবার দুপুর থেকে মাছ ধরছিলেন।
বিকেল ৩টার দিকে তিনি কিছু মাছ পাশের গ্রাম পোষ্টকামুরী শ্বশুরবাড়িতে দিয়ে আসেন এবং আবার মাছ ধরা শুরু করেন। সন্ধ্যা পেরিয়ে গেলেও ঘরে না ফেরায় পরিবারের সদস্যরা তার ফোনে একাধিকবার কল দেন। তিনি ফোন রিসিভ না করায় ওই ঘাটে খুঁজতে যান।
সেখানে বাঁশের মধ্যে শার্ট এবং পকেটে মোবাইল ফোন দেখে তাদের সন্দেহ হয়।
পরে মোর্শেদের ভাই আজাদ নিজেই নদীতে ভাইকে খুঁজতে নামেন। পরে তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন।
স্থানীয় শামীনুর জানান, তার দুটি চোখ ও একটি কান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত।
পৌরসভার সাবেক কাউন্সিলর আফজালুর রহমান ছানু বলেন, মোর্শেদের বাবাও দুই যুগের বেশি সময় আগে একই ঘাটে গোসলে গিয়ে ডুব দিয়ে আর উঠতে পারেনি। পরে জাল ফেলে তার মরদেহ উদ্ধার করা হয়।
একই স্থানে দুই সপ্তাহ আগে একটি বাচ্চা ডুবে মারা গেছে। বুকসমান পানিতে ডুবে মোর্শেদের মৃত্যু এলাকায় ভীতি সৃষ্টি করেছে বলে জানান।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, এ বিষয়ে অভিযোগ পাইনি। পেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।