যুক্তরাষ্ট্রে গুপ্তচরবৃত্তির দায়ে দুই চীনা নাগরিকের কারাদণ্ড

যুক্তরাষ্ট্রে গুপ্তচরবৃত্তির দায়ে দুই চীনা নাগরিকের কারাদণ্ড

ছবি সংগৃহীত।

মার্কিন সামরিক বাহিনীর সদস্যদের নিয়োগ করে চীনের হয়ে গুপ্তচরবৃত্তির চেষ্টা করার দায়ে দুই চীনা নাগরিককে কারাদণ্ড দিয়েছেন যুক্তরাষ্ট্রের আদালত।

তাদের প্রত্যেককে ৩০ মাসের কারাদণ্ড এবং মুক্তির পর তিন বছর নজরদারির আওতায় থাকার সাজা দেওয়া হয়েছে।

শুক্রবার যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের (ডিওজে) এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। দণ্ডিত দু’জন হলেন ৪০ বছর বয়সী লিরেন ‘রায়ান’ লাই এবং ৩৯ বছর বয়সী ইউয়ানসে চেন। তারা আদালতে নিজেদের অপরাধ স্বীকার করেছেন।

বিচার বিভাগের বিবৃতি অনুযায়ী, ২০২১ সালের মে মাসের আগেই চীনের রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা মিনিস্ট্রি অব স্টেট সিকিউরিটির (এমএসএস) হয়ে কাজ শুরু করেন তারা। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তাসংশ্লিষ্ট তথ্য সংগ্রহের বিনিময়ে গোপনে অর্থ দেওয়ার ব্যবস্থা করতেন দু’জন।

২০২২ সালের মে মাসে তারা চীন থেকে ১০ হাজার ডলার গোপনে পাঠানোর ব্যবস্থা করেন। এ ক্ষেত্রে নির্দিষ্ট স্থানে অর্থ রেখে যাওয়ার নির্দেশ দেওয়া হতো, পরে অন্য কেউ তা সংগ্রহ করতেন। গোয়েন্দা কার্যক্রমে এ পদ্ধতি ‘ডেড ড্রপ’ নামে পরিচিত। পরে একইভাবে আরও ২০ হাজার ডলার লেনদেনের ব্যবস্থা করেন তারা।

এছাড়া একটি নৌঘাঁটি, সামরিক বাহিনীর নতুন নিয়োগপ্রাপ্ত সদস্য এবং কর্মরত নৌসেনাদের ছবি সংগ্রহ করেন তারা। মার্কিন নৌবাহিনীর এক কর্মীর ব্যক্তিগত তথ্যও সংগ্রহ করেন চেন।

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা বিভাগের সহকারী অ্যাটর্নি জেনারেল জন আইজেনবার্গ বলেন, দুই ব্যক্তি দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে মার্কিন জাতীয় নিরাপত্তা ক্ষুণ্ন করার পাশাপাশি যুক্তরাষ্ট্রে চীনা গোয়েন্দা তৎপরতা জোরদারে কাজ করেছেন।

২০২৫ সালের জুনে তাদের গ্রেফতার ও অভিযুক্ত করা হয়। পরে বিদেশি সরকারের এজেন্ট হিসেবে আগাম অনুমতি ছাড়া কাজ করা এবং এ-সংক্রান্ত ষড়যন্ত্রের অভিযোগে তারা দোষ স্বীকার করেন। তবে তাদের মাধ্যমে যুক্তরাষ্ট্রে কতজনকে গুপ্তচর হিসেবে নিয়োগ দেওয়া সম্ভব হয়েছিল, তা প্রকাশ করেনি বিচার বিভাগ।

সূত্র: আল-জাজিরা