তিন মাসের মধ্যে চালু হচ্ছে দিনাজপুরের ক্যানসার হাসপাতালের ইনডোর

তিন মাসের মধ্যে চালু হচ্ছে দিনাজপুরের ক্যানসার হাসপাতালের ইনডোর

ছবি: সংগৃহীত

দিনাজপুরের খুরশীদ জাহান হক ইনস্টিটিউট অব ক্যানসার রিসার্চ অ্যান্ড হসপিটালের ইনডোর বিভাগ আগামী তিন মাসের মধ্যে চালু হবে। দুই বছরের মধ্যে ৫০ শয্যার হাসপাতাল চালু এবং তিন বছরের মধ্যে রেডিওথেরাপি সেবা চালুর পরিকল্পনা রয়েছে।

শুক্রবার দিবাগত রাত সাড়ে ৭টার দিকে দিনাজপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান খুরশীদ জাহান হক ইনস্টিটিউট অব ক্যানসার রিসার্চ অ্যান্ড হসপিটালের অবৈতনিক উপদেষ্টা অধ্যাপক ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন।

তিনি আরও বলেন, দুই বছরের মধ্যে চারতলা ভবনের নির্মাণকাজ সম্পন্ন এবং ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালটি চালু করা হবে। পাশাপাশি তিনবছরের মধ্যে হাসপাতালে রেডিও থেরাপি চালু হবে। বর্তমানে এখানে কেমোথেরাপি দেওয়া হচ্ছে এবং ডে কেয়ার সেন্টার চালু হয়েছে। চিকিৎসকও নিয়োগ দেওয়া হয়েছে।  

সংবাদ সম্মেলনে বাংলাদেশ স্তন ক্যানসার সচেতনতা ফোরামের এই প্রধান সমন্বয়কারী আরও জানান, স্তন ক্যানসার প্রাথমিক পর্যায়ে নির্ণয় করা গেলে প্রতিরোধ করা সম্ভব। মরণব্যাধি ক্যানসার সম্পর্কে সচেতন করতে কয়েকদিন ধরেই উপজেলা ও জেলা পর্যায়ে গোলাপি সড়ক শোভাযাত্রা, জনসচেতনতা কর্মসূচি ও লিফলেট বিতরণ কার্যক্রম চালানো হয়েছে। বাংলাদেশ স্তন ক্যানসার সচেতনতা ফোরামের উদ্যোগে পুরো অক্টোবর মাস সচেতনতা ও স্ক্রিনিং কর্মসূচির আওতায় প্রায় দশ হাজার মানুষকে ব্রেস্ট ক্যানসার সম্পর্কিত সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। 

সংবাদ সম্মেলনে খুরশিদ জাহান হক ইনস্টিটিউট অব ক্যানসার রিসার্চ অ্যান্ড হসপিটালের ভারপ্রাপ্ত সভাপতি এ কে আজাদ, সাধারণ সম্পাদক আনোয়ারুল কবির, যুগ্ম সম্পাদক রাহবার কবির পিয়াল, নির্বাহী সদস্য শাহিন খান, সদস্য গোলাম রসুল, রোটারিয়ান সৈয়দ আফতাফুজ্জামান, সমাজসেবী রাজিয়া সামাদ ডালিয়াসহ অন্যরা উপস্থিত ছিলেন।