হাইমচরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু
ছবি: সংগৃহীত
চাঁদপুরের হাইমচরে ডেঙ্গুর বিস্তার রোধ ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অভিযানের সূচনা করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নজরুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম, জেলা বিএনপির সহসভাপতি খলিলুর রহমান গাজী, উপজেলা বিএনপির সভাপতি মো. আমিন উল্লাহ বেপারী, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন বিডি ক্লিন হাইমচরের সদস্যরাও।
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানো, বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ এবং মশার প্রজননস্থল ধ্বংসের লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়। পরিচ্ছন্নতা কার্যক্রমে সাধারণ মানুষকে সম্পৃক্ত করাও এ অভিযানের অন্যতম উদ্দেশ্য।