হাঁসের খামারে মাসে ৬ লাখ টাকা আয়ের স্বপ্ন রুবেলের

হাঁসের খামারে মাসে ৬ লাখ টাকা আয়ের স্বপ্ন রুবেলের

সংগৃহীত ছবি

চাকরি নামের ‘সোনার হরিণ’-এর পেছনে না ঘুরে বেকারত্ব ঘোচাতে নিজেই গড়ে তুলেছেন দুই হাজার হাঁসের একটি খামার। আর ওই খামার থেকে মাসে গড়ে ছয় লাখ টাকার ডিম বিক্রির প্রত্যাশা করছেন গণিতে বিএসসি বিএড করা উদ্যোক্তা মো. তৌহিদুজ্জামান রুবেল।

তিনি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ময়মনসিংহের ভালুকা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মো. আক্কাছ আলী মণ্ডলের ছেলে।

কথা বলে জানা যায়, গণিতে বিএসসি পাস করে বাবার মতো শিক্ষকতা পেশায় প্রবেশের জন্য বিএড করেন মো. তৌহিদুজ্জামান রুবেল এবং ২০০৫ সাল থেকে পাঁচ বছর বিভিন্ন কোচিং সেন্টারে ও একটি মাদরাসায় খণ্ডকালীন শিক্ষকতা করেন। পাশাপাশি ২০০৮ সালে ছোট পরিসরে মাছের চাষও শুরু করেন। এদিকে শিক্ষকতা পেশায় মর্যাদা থাকলেও বেতন কম এবং কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে চাকরি নিতে হলে প্রচুর টাকা দিতে হয়।

কাজেই তিনি চাকরি নামের ‘সোনার হরিণ’-এর পেছনে অযথা ছোটাছুটি করার চিন্তা মাথা থেকে মুছে ফেলে বাবার প্রায় এক একর জমিতে তারের বেড়া দিয়ে ২০১৯ সালে রাইয়ান নামের একটি অ্যাগ্রো প্রজেক্ট গড়ে তোলেন। সেখানে ৫০ ফুটের একটি শেড তৈরি করে ছাগল পালন শুরু করেন।

পর্যায়ক্রমে শেডের আকার বৃদ্ধি এবং নতুন একটি শেড নির্মাণ করে ছাগল পালন করে যথেষ্ট লাভবান হন তিনি। কিন্তু খাবারের মূল্যবৃদ্ধি ও প্রয়োজনীয় ঘাস-লতাপাতা পাওয়া না যাওয়ায় ছাগল পালন বাদ দিয়ে পুরনো দুটি শেডেই হাঁস পালনের সিদ্ধান্ত নেন।

সে অনুযায়ী ছয় মাস আগে খাকী ক্যাম্বল জাতের হাঁসের আড়াই হাজার বাচ্চা সংগ্রহ করে লালন-পালন শুরু করেন।

বাচ্চাগুলো এরই মধ্যে বড় হয়েছে এবং বেশির ভাগই পাঁচ মাস বয়স থেকে ডিম দিতে শুরু করেছে। খামারে আনার পর বিভিন্ন কারণে কমপক্ষে ১০০ বাচ্চা মারা যায়। এ পর্যন্ত বিভিন্ন দামে প্রায় ৪০০ বাচ্চা এবং হাঁস দেড় লাখ টাকায় বিক্রি করেছেন তিনি। তাঁর খামারে বর্তমানে দুই হাজার হাঁস আছে।

এর মাঝে ৩০০ ‘হাঁসা’ এবং ‘হাঁসি’র সংখ্যা এক হাজার ৭০০।

বর্তমানে খামারে গড়ে এক হাজার হাঁস ডিম দিচ্ছে এবং প্রতি পিস ডিম ১৩ টাকা দরে বিক্রি হচ্ছে। পাইকাররা এসে ডিমগুলো খামার থেকেই নিয়ে যান। কিছুদিন পর খামার থেকে প্রতিদিন গড়ে এক হাজার ৫০০ পিস ডিম পাওয়া যাবে। খামারের মালিক মো. তৌহিদুজ্জামান রুবেল বলেন, ‘প্রায় ১০ লাখ টাকা বিনিয়োগে আমি খামারটি গড়ে তুলেছি। বাচ্চা ক্রয় এবং হাঁসের বাচ্চাগুলো ডিম দেওয়ার উপযোগী পর্যন্ত লালন-পালন করতে বিনিয়োগ করেছেন আরো কমপক্ষে ১০ লাখ টাকা। এখন সব মিলিয়ে খামারে প্রতিদিনের খরচ কমপক্ষে ১১ হাজার টাকা। আর ডিম বিক্রি করে দৈনিক পাওয়া যাচ্ছে গড়ে ২০ হাজার টাকা। আগামীদিনে খরচ প্রায় সমানই থাকবে। তিনি বলেন, দুই হাজার হাঁসের ওই খামার থেকে মাসে ছয় লাখ টাকার ডিম বিক্রির আশা করছি। খামারের দেখভাল আমি নিজেই করি। পাশাপাশি হাঁসের খামারের মাসিক ১২ হাজার টাকা বেতনে একজন শ্রমিক নিয়মিত কাজ করেন। হাঁসের ৫০ শতাংশ খাবার নিজে তৈরি করি এবং ৫০ শতাংশ কিনতে হয়। এরই মধ্যে হাঁসের বাচ্চা ও হাঁস বিক্রি করে দেড় লাখ টাকা পেয়েছি। ডিম দেওয়া শেষে মাংস হিসেবে প্রতি পিস হাঁস ৫০০ থেকে ৬০০ টাকা হিসাবে ১০-১২ লাখ টাকা বিক্রি করা যাবে।

রুবেল আরো বলেন, আগের অভিজ্ঞতায় হাঁস বা গরুর রোগবালাই চিকিৎসার জন্য সরকারি হাসপাতালের চিকিৎসকের শরণাপন্ন না হয়ে কম্পানির ভেটেরিনারি চিকিৎসক দিয়ে চিকিৎসা করাই। সরকারি হাসপাতাল থেকে ওষুধ তো দূরের কথা ভ্যাকসিনও পাওয়া যায় না। সবই বাইরে থেকে কিনে আনতে হয়। তাঁর মতে, মুরগির চেয়ে হাঁসে রোগবালাই কম এবংচাষ লাভজনক।