ইসলাম সম্প্রীতি ও সহাবস্থানের শিক্ষা দেয়: স্বাস্থ্যমন্ত্রী

ইসলাম সম্প্রীতি ও সহাবস্থানের শিক্ষা দেয়: স্বাস্থ্যমন্ত্রী

সরদার মোঃ সাখাওয়াত হোসেন

ইসলাম সম্প্রীতি ও পারস্পরিক সহাবস্থানের শিক্ষা দেয় উল্লেখ করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন বলেছেন, অন্যান্য ধর্মের অনুসারীদের নিজ নিজ ধর্ম পালনে সহযোগিতা করা এবং সবাইকে নিয়ে শান্তিপূর্ণভাবে বসবাস করা মুসলমানদের দায়িত্ব। ধর্মের অপব্যাখ্যার মাধ্যমে কেউ যাতে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।

মন্ত্রী আজ নরসিংদীর মনোহরদী সরকারি কলেজ মাঠে খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশের উদ্যোগে আয়োজিত খতমে নবুওয়াত মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এসময় স্বাস্থ্যমন্ত্রী প্রবীণ ও বুজুর্গ আলেমদের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন। পাশাপাশি তিনি ইসলামের সঠিক বার্তা সমুন্নত রাখা এবং অপপ্রচার ও অপব্যাখ্যা রোধে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে সঠিক দ্বীনি খেদমতে আত্মনিয়োগ করার আহ্বান জানান।

সম্মেলনে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী। এতে সভাপতিত্ব করেন খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমীর আল্লামা আব্দুল হামিদ (পীর সাহেব মধুপুর)।