নজরুলের সাম্যবাদী চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে

নজরুলের সাম্যবাদী চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে

সংগৃহীত

সপ্তাহব্যাপী নজরুল বর্ষ উদযাপনের সমাপনী অনুষ্ঠানে বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী ও সাম্যবাদী চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন। তারা বলেন, নজরুল চর্চার মাধ্যমে যুবসমাজ দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে।

চুয়াডাঙ্গা জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে সপ্তাহব্যাপী নজরুল বর্ষ উদযাপনের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

‘জাগো নব সৃষ্টির মহানন্দে’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

জেলা পরিষদের প্রশাসক শরিফুজ্জামান শরীফের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মুকুল কুমার মৈত্র।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও উত্তরীয় দিয়ে বরণ করা হয়। পরে পবিত্র কোরআন, গীতা ও বাইবেল থেকে পাঠ করা হয়। এ সময় কবি কাজী নজরুল ইসলামের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কাজী নজরুল ইসলামের সাহিত্য ও সংগীতে সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের যে চেতনা রয়েছে, তা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে হবে। তার আদর্শ ও সৃষ্টিকর্ম চর্চার মাধ্যমে তরুণদের মধ্যে দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ জাগ্রত করা সম্ভব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শারমিন আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি.এম. তারিক উজ জামান, সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান ড. মুন্সি আবু সাইফ, জেলা কালচারাল অফিসার সাইফুল হাসান মিলন এবং চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক স্বপন।

আলোচনা সভা শেষে সপ্তাহব্যাপী আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পরে রাতে জেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংস্কৃতিক কর্মী হিরণ উর রশিদ শান্ত, নুসরাত জাহান করবি ও মনোয়ারা খুশি।