সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

সংগৃহীত

সুন্দরবনকে বনদস্যুমুক্ত করা এবং জেলে-বাওয়ালিদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেলা ১১টায় ভেটখালী-কৈখালী মাদার নদীর ব্রিজে অনুষ্ঠিত এ মানববন্ধনে হাজারো জেলে, বাওয়ালি ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, উপকূলীয় মানুষের জীবন-জীবিকার অন্যতম প্রধান অবলম্বন সুন্দরবন। মাছ ও কাঁকড়া আহরণ এবং বনজ সম্পদ সংগ্রহ করে হাজারো পরিবার জীবিকা নির্বাহ করে থাকেন। কিন্তু বনদস্যুদের অপতৎপরতা, অপহরণ ও মুক্তিপণ আদায়ের আতঙ্কে তাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। জীবিকার তাগিদে বনে গিয়েও জেলে-বাওয়ালিরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

বক্তারা এ সময় সুন্দরবনকে বনদস্যুমুক্ত করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত অভিযান জোরদার করার দাবি জানান। একই সঙ্গে অপহৃত জেলেদের দ্রুত উদ্ধার, মুক্তিপণ আদায় বন্ধ এবং বনদস্যুদের দমনে স্থায়ী ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তারা।

স্থানীয় ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শহিদুজ্জামান শহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য দেন, বনদস্যু নির্মূল কমিটির প্রধান সমন্বয়ক ও সাতক্ষীরা জেলা কৃষক দলের আহ্বায়ক সালাউদ্দিন লিটন।

এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, অতিরিক্ত পিপি ও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক এ্যাড. সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী শাহ-আলম, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম লিটন।

এ সময় জেলেদের পক্ষে বক্তব্য দেন, বাঘের সঙ্গে লড়াই করে জেলেদের উদ্ধার করে আনা ব্যক্তি আব্দুল গণি ওরফে টাইগার গণি, জেলে শফিকুল ইসলাম, উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন, সাংবাদিক আক্তার হোসেন।

মানববন্ধনে অংশ নেওয়া জেলে ও বাওয়ালিরা এসময় নিরাপদে সুন্দরবনে যাতায়াত এবং নির্বিঘ্নে মাছ ও কাঁকড়া আহরণের পরিবেশ নিশ্চিত করার দাবি জানান। তাদের মতে, সুন্দরবনকে বনদস্যুমুক্ত করার পাশাপাশি উপকূলীয় মানুষের জীবন-জীবিকা রক্ষায় সংশ্লিষ্ট প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।