বাংলাদেশ-ভারতের রপ্তানি পরিস্থিতি নিয়ে সংসদীয় কমিটির বৈঠকে আলোচনা

বাংলাদেশ-ভারতের রপ্তানি পরিস্থিতি নিয়ে সংসদীয় কমিটির বৈঠকে আলোচনা

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক আজ রবিবার জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি জয়নুল আবদিন ফারুক এমপির  সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকের শুরুতে মহান ৭ নভেম্বর সিপাহি-জনতার বিপ্লবের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

বৈঠকে বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও রপ্তানি পরিস্থিতির তুলনামূলক চিত্র নিয়ে আলোচনা করা হয়। এ সময় দুই দেশের মধ্যে রপ্তানি বাণিজ্যের বিদ্যমান ব্যবধান, সম্ভাবনা ও তা সম্প্রসারণের বিষয়টি আলোচনায় উঠে আসে। এছাড়া, ভারতের সঙ্গে বাংলাদেশের স্থল বন্দরের বিদ্যমান বাণিজ্য সম্পর্কিত চুক্তিগুলোর বিস্তারিত তথ্য পরবর্তী বৈঠকে উপস্থাপনের বিষয়ে আলোচনা করা হয়।

বৈঠকে নৌপরিবহন মন্ত্রণালয় এবং এর অধীনস্থ অধিদপ্তর, পরিদপ্তর, সংস্থা ও প্রতিষ্ঠানগুলোর প্রধান নিজ নিজ প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন। এ সময় কমিটির পক্ষ থেকে বলা হয়, কাজ যে বা যারাই করুক না কেন, প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে এবং সতর্কতার সঙ্গে কাজ সম্পন্ন করতে হবে। একই সঙ্গে দেশের স্বার্থ অক্ষুণ্ণ রেখে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

বৈঠকে কমিটির সদস্য ও নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম এমপি; কমিটির সদস্য ও নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান এমপি; মো. হাফিজ ইব্রাহিম এমপি; আনিছুর রহমান এমপি; সাঈদ আহমেদ এমপি; সানজিদা ইয়াসমিন এমপি; মো. নাজমুল হুদা এমপি এবং আবদুল হান্নান মাসউদ এমপি অংশগ্রহণ করেন।

বৈঠকে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রণালয়ের আওতাধীন অধিদপ্তর, পরিদপ্তর, সংস্থা ও প্রতিষ্ঠানগুলোর মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তা, সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রধান এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।