ফটিকছড়িতে আট সংগঠন ও পাঁচ তরুণ পেলেন স্বীকৃতি-সম্মাননা

ফটিকছড়িতে আট সংগঠন ও পাঁচ তরুণ পেলেন স্বীকৃতি-সম্মাননা

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের ফটিকছড়িতে জাতীয় যুব দিবস উপলক্ষে আটটি স্বেচ্ছাসেবী ও ক্রীড়া সংগঠনকে প্রাতিষ্ঠানিক স্বীকৃতি এবং পাঁচ তরুণকে সম্মাননা স্মারক দেওয়া হয়েছে। সম্মাননাপ্রাপ্তদের মধ্যে রয়েছেন দুই সফল আত্মকর্মী ও তিন তরুণ উদ্যোক্তা। এ ছাড়া যুব ঋণ ও যুব কল্যাণ তহবিল থেকে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

রবিবার (১ নভেম্বর) ফটিকছড়ি উপজেলা পরিষদের বীর মুক্তিযোদ্ধা শফিকুন নূর মওলা অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে এসব স্বীকৃতি, সম্মাননা ও চেক দেওয়া হয়।

‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর, ফটিকছড়ি এবং ফটিকছড়ি উত্তর কার্যালয়ের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহীম।

সমাজসেবা, শিক্ষা, ক্রীড়া ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতি হিসেবে সাজেদা আনোয়ার ফাউন্ডেশনসহ আটটি স্বেচ্ছাসেবী ও ক্রীড়া সংগঠনকে প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হয়। পাশাপাশি আত্মকর্মসংস্থানে সফলতা এবং তরুণ উদ্যোক্তা হিসেবে অবদান রাখায় পাঁচজনকে সম্মাননা স্মারক দেওয়া হয়।

যুবকদের আত্মকর্মসংস্থান ও নতুন উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে অনুষ্ঠানে যুব ঋণের চেক বিতরণ করা হয়। একই সঙ্গে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর কার্যক্রম গতিশীল করতে যুব কল্যাণ তহবিল থেকে অনুদানের চেক দেওয়া হয়।

এ সময় যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মোমেন চৌধুরী, ফটিকছড়ি পৌরসভা বিএনপির আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন, এসআই সুমন, যুবদল নেতা রাসেল ও মঈনুদ্দিন মেসিসহ বিভিন্ন যুব ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, প্রশিক্ষণের মাধ্যমে যুবকদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলা, আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং উদ্যোক্তা কার্যক্রমে সম্পৃক্ত করা জরুরি। চাকরির ওপর নির্ভরশীল না থেকে প্রশিক্ষণ ও উদ্যোগের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান তাঁরা।

জাতীয় যুব দিবসের কর্মসূচির অংশ হিসেবে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রমও পরিচালনা করা হয়।