বাব আল-মানদেব পেরিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে
ছবি: সংগৃহীত
ইয়েমেনের হুতিদের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই ঝুঁকিপূর্ণ বাব আল-মানদেব প্রণালি পার হয়ে সৌদি আরব থেকে এক লাখ টন ক্রুড অয়েল নিয়ে দেশে এসেছে একটি জাহাজ। রবিবার (১ নভেম্বর) এমটি এনড্রিওস নামের লাইবেরিয়ার পতাকাবাহী অয়েল ট্যাংকারটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এসে পৌঁছেছে।
জাহাজটি সৌদি আরব থেকে আল-মানদেব প্রণালি হয়ে চট্টগ্রাম পৌঁছাতে সময় লেগেছে ১৭ দিন। সংশ্লিষ্ট সূত্র জানান, এমটি এনড্রিওস চট্টগ্রামের পতেঙ্গায় অবস্থিত রাষ্ট্রীয় জ্বালানি তেল শোধনাগার ইস্টার্ণ রিফাইনারীতে শোধনের জন্য নিয়ে এসেছে এক লাখ ১৯২ টন ক্রুড অয়েল। প্রতিষ্ঠানটির জন্য কাঁচামাল আমদানি করে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি), আর জাহাজ ভাড়ার দায়িত্ব পালন করে বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি)।
ইস্টার্ণ রিফাইনারীর মহাব্যবস্থাপক (অপারেশন অ্যান্ড প্ল্যানিং) মো. মোস্তাফিজার রহমান জানান, সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে ট্যাংকারটিতে ক্রুড অয়েল লোড করা হয়েছিল। এটি বাব অল-মানদেব প্রণালি পার হয়ে চট্টগ্রামে আসতে সময় লেগেছে ১৭ দিন। কুতুবদিয়া বহির্নোঙরে অবস্থানরত ট্যাংকারটির ক্রুড আজ (সোমবার) থেকে লাইটারিংয়ের মাধ্যমে খালাস শুরু হবে।
এর আগে গত ১২ সেপ্টেম্বর সৌদি আরব থেকে ইস্টার্ণ রিফাইনারীর জন্য এক লাখ টন ক্রুড নিয়ে চট্টগ্রাম এসেছিল এমটি নিনেমিয়া নামের একটি জাহাজ। হুতি বিদ্রোহী আতঙ্কে এটি বাব-এল-মানদেব প্রণালি এড়াতে আফ্রিকা ঘুরে দীর্ঘ পথ পাড়ি দিয়ে চট্টগ্রাম আসে। বিকল্প এই পথে সময় লেগেছিল দেড় মাসেরও বেশি। লোহিত সাগরের দক্ষিণ প্রান্তের ইয়েমেন সংলগ্ন বাব-এল-মানদেব প্রণালির আশপাশে গত সেপ্টেম্বরে নিজেদের অবস্থান জোরদার করে হুতি বিদ্রোহীরা।