নির্মাণের ছয়মাসের মাথায় প্রাথমিক বিদ্যালয়ে ফাটল

নির্মাণের ছয়মাসের মাথায় প্রাথমিক বিদ্যালয়ে ফাটল

ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে নির্মাণের ছয়মাসের মাথায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। এ ঘটনায় বিদ্যালয়টির শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। কর্তৃপক্ষ বলছে, নিম্নমানের সামগ্রী দিয়ে ভবন নির্মাণের কারণে ফাটল দেখা দিয়েছে। দুর্ঘটনা এড়াতে নতুন ভবনের দাবি জানিয়েছেন তারা।

সরেজমিন ঘুরে দেখা যায়, গাজীপুরের টঙ্গী দত্তপাড়া হাসান লেন এলাকায় দত্তপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়টি অবস্থিত। প্রায় দেড়কোটি টাকা ব্যায়ে নির্মিত ওই ভবনে হঠাৎ করে  ফাটল দেখা দেয়, শিক্ষার্থীরা বিষয়টি দেখতে পেয়ে শিক্ষকদের জানান।

এ বিষয়ে বেশ কয়েকজন অভিভাবক জানান, তিনতলা ভবনের দ্বিতীয় তলায় বাথরুমে যাওয়ার পথে বিভিন্নস্থানে ফাটল দেখা দিয়েছে,এখন কেউ বাথরুমে যেতে চাইছে না। সবাই ভয় পাচ্ছে, এটা ঠিক করা জরুরি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্মৃতি রানী হালদার বলেন, কিছুদিন আগে নিচতলায় ফাটল দেখা দিলে ঠিকাদারদের সহায়তায় তা মেরামত করা হয়। এখন দ্বিতীয় তলায় ফাটল দেখা দিয়েছে। বিষয়টি ঠিকাদার ও প্রকৌশলীদের জানানো হয়েছে, তারা এসে ঠিক করে দিবে বলে জানিয়েছেন।

জানতে চাইলে দত্তপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি অ্যাডভাকেট জিএস স্বপন বলেন, এটি একটি নতুন ভবন, এখনো উদ্ধোধন হয়নি। তার আগেই বিভিন্ন যায়গায় ফাটল দেখা দিয়েছে। নিম্নমানের সামগ্রী দিয়ে ভবন নির্মাণ করায় ফাটল দেখা দিয়েছে। এই ভবনটি ভেঙে নতুন করে ভবণ নির্মাণের দাবি জানাই। কোনো দুর্ঘটনা ঘটে, তাইলে এর দায়ভার কে নেবে।

এদিকে ভবন নির্মাণের দায়িত্বে থাকা ইঞ্জিনিয়ারদের সাথে কথা বলে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন থানা শিক্ষা কর্মকর্তা নাহিদ পারভীন।