রাজধানীতে একদিনে পৃথক স্থান থেকে ৩ জনের মরদেহ উদ্ধার

রাজধানীতে একদিনে পৃথক স্থান থেকে ৩ জনের মরদেহ উদ্ধার

প্রতিকি ছবি

রাজধানী থেকে পৃথক ঘটনায় নারীসহ ৩ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল চত্বর ও সোহরাওয়ার্দী উদ্যান এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহগুলো ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়।

শাহবাগ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রাজীব জানান, বিকালে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের পাশের রাস্তায় মৃত অবস্থায় আনুমানিক ৩৫ বছর বয়সী অজ্ঞাত এক নারীর মরদেহ পাওয়া যায়। স্থানীয়দের মাধ্যমে জানা গেছে তিনি ভবঘুরে প্রকৃতির ছিলেন। মেডিকেলের আশপাশেই থাকতেন।

এদিকে শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান জানান, রবিবার সন্ধ্যায় স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের ভেতর থেকে রাহাত (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। সে ভবঘুরে প্রকৃতির ছিল এবং উদ্যানেই থাকতো। শারীরিক অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

অন্যদিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান জানান, রবিবার হাসপাতালের জরুরি বিভাগের ১০১ ও ১০২ নম্বর ওয়ার্ডের মাঝখানের জোড়া সিঁড়ির নিচ থেকে অজ্ঞাত এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে। তার বয়স আনুমানিক ৭০ বছর এবং এক পায়ে পচন ধরেছে। বর্তমানে ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।