‘ঢাকা দখলের’ ঘোষণা দেওয়া নিষিদ্ধ ছাত্রলীগ নেতা কারাগারে
প্রতিকি ছবি
ফেসবুকে ‘ঢাকা দখলের’ ঘোষণা দিয়ে স্ট্যাটাস দেওয়ার অভিযোগে বরিশালের উজিরপুরে ছাত্রলীগের এক নেতাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন বিএনপির নেতাকর্মীরা। পরে একটি পুরোনো মামলায় গ্রেফতার দেখিয়ে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতার আসাদ মোল্লা (৩০) উপজেলার গুঠিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক। তিনি তেরদ্রোন এলাকার মৃত মোজাহার মোল্লার ছেলে।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম জানান, শনিবার রাত আনুমানিক ৮টার দিকে গুঠিয়া বন্দর এলাকায় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা আসাদ মোল্লাকে আটক করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে নিজেদের হেফাজতে নেয়। পূর্বের একটি মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে তাঁকে গ্রেফতার দেখানো হয়। রবিবার আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, ফেসবুকে দেওয়া স্ট্যাটাসের বিষয়টি সামনে এলেও তাঁকে পূর্বের একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।