ফ্রান্সে পুলিশের ওপর পেট্রোল বোমা হামলা, তদন্ত শুরু
ফাইল ছবি
ফ্রান্সে বিক্ষোভ চলাকালে পুলিশের ওপর পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় হত্যাচেষ্টার আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছেন দেশটির প্রসিকিউটররা। ফরাসি গণমাধ্যমের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
সম্প্রতি প্যারিসে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষের সময় এক পুলিশ কর্মকর্তার পায়ে আগুন ধরে যাওয়ার একটি ছবি ফ্রান্সজুড়ে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে। গত কয়েক সপ্তাহ ধরে চলা এই বিক্ষোভে সাধারণ বিক্ষোভকারীদের আহত হওয়ার ঘটনাও ঘটেছে।
আহত ওই পুলিশ কর্মকর্তা ফরাসি দৈনিক লে ফিগারো-কে জানান, তার গোড়ালি পুড়ে গেছে ও হাতে সামান্য আঘাত পেয়েছেন। তিনি হামলাটিকে একটি ‘বিশেষভাবে অত্যাধুনিক’ দাহ্য যন্ত্রের আক্রমণ বলে উল্লেখ করেন।
ঘটনার তীব্র নিন্দা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী লরেঁ নুন্যেস বলেন, পুলিশের সারি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করার মানে হলো- ‘এটি একটি স্পষ্ট হত্যাচেষ্টা’। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।
জীবযাত্রার উচ্চ ব্যয় এবং মানহীন জনসেবা বিশেষ করে শিক্ষাব্যবস্থায় সংস্কারের দাবিতে সেপ্টেম্বর মাসের শেষ দিক থেকে ফ্রান্সে জেন-জি নেতৃত্বাধীন বিক্ষোভ শুরু হয়। এর ধারাবাহিকতায় শনিবারও দেশটির বিভিন্ন স্থানে শান্তিপূর্ণভাবে হাজার হাজার মানুষ বিক্ষোভ করে।
এর আগে সংঘর্ষ ও লুটপাটের ঘটনার পুনরাবৃত্তি রোধে সপ্তাহজুড়ে দেশটিতে হাজার হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছিল। পরিস্থিতি নিয়ন্ত্রেণে কিছু শহরে পুলিশ টিয়ার গ্যাসও নিক্ষেপ করে।
ফরাসি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শনিবারের বিক্ষোভে ৭৭০ জনের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে, যা আগের সপ্তাহের তুলনায় প্রায় অর্ধেক। তবে ক্যামেরায় ধারণকৃত যে হামলায় পুলিশ কর্মকর্তার গায়ে আগুন ধরে গিয়েছিল, সে ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে জানিয়েছে এএফপি।
হামলার শিকার পুলিশ সদস্য জানান, তার ইউনিটটি মূলত ছুটির মধ্যে ছিল, কিন্তু জরুরিভাবে ডেকে পাঠিয়ে তাদের বিক্ষোভ নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়।
তিনি বলেন, “আমরা হঠাৎ করে কয়েকশ শত্রুভাবাপন্ন, সুসজ্জিত বিরোধীদের মুখোমুখি হয়েছিলাম। তারা বিক্ষোভকারী নয়, বরং রাষ্ট্রের প্রতিনিধিত্বকারীদের ক্ষতি করার উদ্দেশ্যেই সেখানে উপস্থিত হয়েছিল।” তার দলের আরো ১৪ জন সদস্য ইটপাটকেলের আঘাতে আহত হয়েছেন বলেও জানান তিনি।
এদিকে ফরাসি বিক্ষোভের অন্যতম সংগঠক ‘ইয়েলো ভেস্টস’- এর পক্ষ অভিযোগ করা হয়েছে, সাম্প্রতিক বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর নিক্ষিপ্ত গ্রেনেডের আঘাতে কয়েক ডজন বিক্ষোভকারী গুরুতর আহত হয়েছেন। এর আগে অক্টোবরের শুরুতে এক ১৫ বছর বয়সি কিশোরের হাত স্টান গ্রেনেডের বিস্ফোরণে উড়ে যাওয়ার পর এ ধরনের গ্রেনেডের ব্যবহার স্থগিত করা হয়েছিল।
তবে লে মন্ড-এর প্রতিবেদন অনুযায়ী, পুলিশ পরবর্তী বিক্ষোভগুলোতে অন্য মডেলের গ্রেনেড ব্যবহার করে চলেছে।
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও জনসেবার মান উন্নয়নের দাবিতে শুধু ফ্রান্সে নয়, জার্মানি ও ইতালিতেও শনিবার জেন-জিদের নেতৃত্বে এমন বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
তথ্যসূত্র: বিবিসি