হাবিপ্রবিতে এআই ও ক্লাউড কম্পিউটিং নিয়ে সেমিনার
সংগৃহীত
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ক্লাউড কম্পিউটিংয়ে গবেষণার নতুন ক্ষেত্র এবং ভবিষ্যৎ কর্মজীবনের সম্ভাবনা সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দিতে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে এসব প্রযুক্তির বিকাশ, গবেষণার সুযোগ এবং ক্যারিয়ার পরিকল্পনা নিয়ে আলোচনা করেন দক্ষিণ কোরিয়ার এক গবেষক।
রবিবার (১ নভেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ভবনের প্রথম তলার ভার্চুয়াল কনফারেন্স কক্ষে সেমিনারটি অনুষ্ঠিত হয়। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদ এবং আইইইই কম্পিউটার সোসাইটি হাবিপ্রবি স্টুডেন্ট ব্রাঞ্চ চ্যাপ্টার যৌথভাবে এর আয়োজন করে। সেমিনারের শিরোনাম ছিল ‘ইন্টেলিওয়্যার ফর কোলাবরেটেড এজেন্টস অ্যাজ আ সার্ভিস’।
সেমিনারে মূল বক্তা ছিলেন দক্ষিণ কোরিয়ার কিয়ং হি বিশ্ববিদ্যালয়ের কৃত্রিম বুদ্ধিমত্তা বিভাগের অধ্যাপক ড. ইউই-নাম হুহ। তিনি বিশ্ববিদ্যালয়টির ক্লাউড কন্টিনিউয়াম রিসার্চ সেন্টারের পরিচালক এবং ব্রেইন কোরিয়া ২১ প্লাসের ইন্টেলিওয়্যার কনভারজেন্স রিসার্চ ইনস্টিটিউটের প্রধান পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
আলোচনায় অধ্যাপক ড. ইউই-নাম হুহ শিক্ষার্থীদের ইন্টেলিওয়্যার ও বিভিন্ন ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক এজেন্ট সম্পর্কে ধারণা দেন। পাশাপাশি এআই ও ক্লাউড কম্পিউটিংয়ে ভবিষ্যৎ গবেষণার বিভিন্ন দিক তুলে ধরেন। তার আলোচনা থেকে শিক্ষার্থীরা এসব প্রযুক্তির বিকাশমান ক্ষেত্র সম্পর্কে জানার পাশাপাশি উচ্চশিক্ষা, গবেষণা ও ক্যারিয়ার পরিকল্পনার সঙ্গে সেগুলোর সম্ভাবনা মিলিয়ে দেখার সুযোগ পান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জামিল সুলতান। তিনি অধ্যাপক ড. ইউই-নাম হুহকে অনুষদে স্বাগত জানান। এ সময় তিনি বলেন, জাপানে অবস্থানকালে তিনি অধ্যাপক হুহ সম্পর্কে শুনেছিলেন। গবেষণা সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে অনুষদের সঙ্গে অধ্যাপক হুহের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক স্বাক্ষরের উদ্যোগ নেওয়ার পরামর্শও দেন তিনি।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক ড. আশীষ কুমার মণ্ডল এবং অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. মো. দেলোয়ার হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. তানজিনা সুলতানা। তিনি আইইইই কম্পিউটার সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টারের রংপুর বিভাগীয় সমন্বয়ক এবং আইইইই কম্পিউটার সোসাইটি হাবিপ্রবি স্টুডেন্ট ব্রাঞ্চ চ্যাপ্টারের উপদেষ্টা।
প্রযুক্তিনির্ভর কর্মক্ষেত্রের পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলতে শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক জ্ঞানের পাশাপাশি গবেষণার সাম্প্রতিক প্রবণতা সম্পর্কেও ধারণা থাকা জরুরি। আয়োজকদের মতে, এ সেমিনার হাবিপ্রবির শিক্ষার্থীদের আন্তর্জাতিক পর্যায়ের একজন গবেষকের কাছ থেকে সরাসরি শেখার সুযোগ তৈরি করেছে। একইসঙ্গে, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ক্লাউড কম্পিউটিংয়ে ভবিষ্যৎ গবেষণা এবং পেশাগত প্রস্তুতি নিয়ে ভাবনার নতুন ক্ষেত্র উন্মোচন করেছে।