কমোডিটি ডেরিভেটিভস চালুর প্রস্তুতি শেষ পর্যায়ে: সিএসই

কমোডিটি ডেরিভেটিভস চালুর প্রস্তুতি শেষ পর্যায়ে: সিএসই

সংগৃহীত

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কমোডিটি ডেরিভেটিভস মার্কেট চালুর শেষ পর্যায়ের প্রস্তুতি চলছে। নতুন এই বাজার চালু হলে পুঁজিবাজারে বিনিয়োগের আরো একটি মাধ্যম যুক্ত হবে। তবে নতুন পণ্যের পাশাপাশি বিনিয়োগকারীদের সচেতনতা ও শিক্ষা বাড়ানো জরুরি। শুধু শেয়ার নয়, মিউচুয়াল ফান্ড, এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড (ইটিএফ) ও বন্ডসহ বিভিন্ন পণ্যে বিনিয়োগের অভ্যাস গড়ে তোলার আহ্বান জানিয়েছে সিএসই।

রবিবার (১ নভেম্বর) আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) ব্যবসায় প্রশাসন অনুষদের শিক্ষার্থীদের এক ইন্ডাস্ট্রিয়াল পরিদর্শন অনুষ্ঠানে এসব কথা বলেন সিএসইর চিফ রেগুলেটরি অফিসার (সিআরও) মোহাম্মদ মাহাদি হাসান।

তিনি বলেন, কমোডিটি ডেরিভেটিভস মার্কেট চালুর জন্য সিএসই শেষ পর্যায়ের প্রস্তুতি হিসেবে বাজারের প্রয়োজনীয় ইকোসিস্টেম তৈরির কাজ করছে। এ বাজারের অন্যতম প্রধান অংশীজন বিনিয়োগকারীরা। তাই তাদের শিক্ষিত ও সচেতন করে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের বিনিয়োগকারী। ফলে শিক্ষাজীবন থেকেই পুঁজিবাজার সম্পর্কে বাস্তব জ্ঞান অর্জন করতে হবে। শুধু পরীক্ষায় ভালো ফলের জন্য নয়, ভবিষ্যতে সফল বিনিয়োগকারী হওয়ার লক্ষ্য নিয়ে প্রশিক্ষণ, কর্মশালা ও ইন্ডাস্ট্রিয়াল পরিদর্শন থেকে শিক্ষা নিতে হবে।

মাহাদি হাসান বলেন, পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে প্রচলিত ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। শুধু শেয়ারে বিনিয়োগের চিন্তা না করে মিউচুয়াল ফান্ড, ইটিএফ ও বন্ডের মতো বিভিন্ন বিনিয়োগযোগ্য পণ্য সম্পর্কে জানতে হবে। বিনিয়োগের ঝুঁকি কমাতে পোর্টফোলিওতে বৈচিত্র্য আনা জরুরি।

পুঁজিবাজার সম্পর্কে তাত্ত্বিক ধারণার পাশাপাশি বাস্তব অভিজ্ঞতা অর্জন এবং শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতা বাড়ানোর লক্ষ্যে এ পরিদর্শনের আয়োজন করা হয়। এর অংশ হিসেবে আইআইইউসির ব্যবসায় প্রশাসন অনুষদের একটি দল চট্টগ্রামের আগ্রাবাদে সিএসইর কার্যালয় পরিদর্শন করে।

অনুষ্ঠানে সিএসইর ডিজিএম ও সার্ভিল্যান্স বিভাগের প্রধান আরিফ আহমেদ বলেন, শিক্ষাজীবন যে বিষয়েই হোক না কেন, বর্তমান ডিজিটাল যুগে নিজেকে দক্ষ করে তুলতে প্রযুক্তিগত জ্ঞান ও সাম্প্রতিক বিষয়ে ধারণা থাকা জরুরি। সময়ের সঙ্গে পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নিতে হবে এবং দক্ষতা বাড়াতে হবে।

আইআইইউসির ব্যবসায় প্রশাসন অনুষদের অধ্যাপক ড. নাজনিন জাহান চৌধুরী বলেন, ব্যবসায় প্রশাসনের শিক্ষার্থীদের বিনিয়োগ, পুঁজিবাজার ও স্টক এক্সচেঞ্জ সম্পর্কে তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান থাকা প্রয়োজন। পুঁজিবাজারের কার্যক্রম, ব্যবস্থাপনা এবং নতুন বিনিয়োগপণ্য সম্পর্কে জানতে হবে। তাত্ত্বিক জ্ঞানের সঙ্গে বাস্তব অভিজ্ঞতার সমন্বয় ঘটাতে প্রশিক্ষণ ও ব্যবহারিক কোর্সে অংশ নেওয়া প্রয়োজন রয়েছে।

একই অনুষদের সহযোগী অধ্যাপক মো. আরিফুল হক বলেন, ভবিষ্যতে যারা বিনিয়োগকারী হতে চান, তাদের এখন থেকেই নিজেদের প্রস্তুত করতে হবে। বিনিয়োগের আগে বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। শুধু অন্যের পরামর্শের ওপর নির্ভর না করে ব্যবহারিক জ্ঞান কাজে লাগিয়ে উপযুক্ত বিনিয়োগ সিদ্ধান্ত নিতে হবে।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের বাংলাদেশের পুঁজিবাজারে প্রচলিত বিভিন্ন বিনিয়োগপণ্য সম্পর্কে ধারণা দেওয়া হয়। পাশাপাশি আর্থিক ব্যবস্থাপনা, বিনিয়োগ, বিনিয়োগের ঝুঁকি, সম্ভাব্য মুনাফা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। পুঁজিবাজারে একজন সচেতন ও দক্ষ বিনিয়োগকারী হিসেবে গড়ে উঠতে শিক্ষাজীবন থেকেই কী ধরনের প্রস্তুতি নেওয়া প্রয়োজন, সে বিষয়েও পরামর্শ দেওয়া হয়।

সিএসই সূত্রে জানা গেছে, পুঁজিবাজার সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা ও ব্যবহারিক জ্ঞান বাড়ানোর লক্ষ্যে এ শিল্প পরিদর্শনের আয়োজন করা হয়। এতে পুঁজিবাজারের প্রচলিত বিনিয়োগপণ্য, আর্থিক ব্যবস্থাপনা, বিনিয়োগ, বিনিয়োগ ঝুঁকি ও সম্ভাব্য মুনাফা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি সিএসইতে কমোডিটি এক্সচেঞ্জ প্রতিষ্ঠার উদ্যোগ ও অগ্রগতি সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দেওয়া হয়।

অনুষ্ঠানে সিএসইর হেড অব ট্রেনিং অ্যান্ড অ্যাওয়ারনেস এম সাদেক আহমেদ পুঁজিবাজারের সামগ্রিক কার্যক্রম ও ব্যবহারিক পরিচালনা নিয়ে উপস্থাপনা করেন। এ সময় আইআইইউসির ব্যবসায় প্রশাসন অনুষদের শিক্ষক ড. নাজিম উল্লাহ সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।