গার্মেন্টস মালিক নেতাদের সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী
সংগৃহীত
বেতন বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলনের মধ্যে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ-এর সঙ্গে বৈঠকে বসেছেন গার্মেন্টস মালিক নেতারা। সোমবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এ বৈঠক শুরু হয়।
বৈঠকে গার্মেন্টস খাতের চলমান পরিস্থিতি, সংকটের কারণ এবং তা নিরসনে করণীয় নিয়ে আলোচনা হচ্ছে।
বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিং করবেন। সেখানে বৈঠকের আলোচনা ও সিদ্ধান্তের বিষয়ে গণমাধ্যমকে অবহিত করার কথা রয়েছে।
আজও ন্যূনতম মাসিক বেতন-ভাতা ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। সকাল সাড়ে ৮টার দিকে কালিয়াকৈর উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন বিভিন্ন কারখানার শ্রমিকেরা। একপর্যায়ে তারা সড়ক অবরোধ করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে একদল শ্রমিক পল্লী বিদ্যুৎ এলাকায় মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। পরে সেখানে শ্রমিকের সংখ্যা বাড়তে থাকে। একপর্যায়ে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে হাজারো শ্রমিক ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লী বিদ্যুৎ এলাকায় অবস্থান নিয়েছেন। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। শিল্প পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যান চলাচল স্বাভাবিক করা এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কাজ শুরু করেছেন।
এদিকে, শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে গাজীপুরে ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি সদস্যরা জেলার শিল্পাঞ্চলগুলোতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দায়িত্ব পালন করবেন।
গাজীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ নূরুল করিম ভূঁইয়া জানান, শিল্পাঞ্চল গাজীপুরে শ্রমিক বিক্ষোভের কারণে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি সদস্যরা মাঠপর্যায়ে কাজ করবেন। ইতোমধ্যে তারা বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছেন।
তিনি আরো জানান, আন্দোলনের নামে যাতে রাষ্ট্রীয় সম্পদ, সাধারণ মানুষের জানমালের ক্ষতি না হয়, সে লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। বিজিবির পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও প্রস্তুত রয়েছেন।