বিএনপির বর্ষীয়ান রাজনীতিবিদ অধ্যাপক আকরাম হোসেন আর নেই

বিএনপির বর্ষীয়ান রাজনীতিবিদ অধ্যাপক আকরাম হোসেন আর নেই

ছবি সংগৃহীত।

দিনাজপুরের হাকিমপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও হিলি-হাকিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মো. আকরাম হোসেন মন্ডল আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল রাত সাড়ে ১১টার দিকে ৯৫ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন।

তার মৃত্যুতে হাকিমপুর উপজেলার রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সুধী মহলে শোকের ছায়া নেমে এসেছে। প্রবীণ এই রাজনীতিবিদ, শিক্ষাবিদ ও সাবেক জনপ্রতিনিধির মৃত্যুতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন।

রাজনীতি সংবাদ

পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার (২ নভেম্বর) বাদ জোহর তাঁর নিজ গ্রাম ডাঙ্গাপাড়ায় নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

অধ্যাপক আকরাম হোসেন মন্ডল কর্মজীবনের শুরুতে বিরামপুর কলেজে শিক্ষকতা করেন। শিক্ষকতার পাশাপাশি সমাজ ও মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয়ে তিনি রাজনীতিতে যুক্ত হন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজনীতিতে সম্পৃক্ত হন। হাকিমপুরে বিএনপির সাংগঠনিক ভিত্তি গড়ে তোলা এবং দলকে তৃণমূল পর্যায়ে সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। ১৯৭৮ সাল থেকে একাধিকবার হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেন।

হাকিমপুরের রাজনৈতিক ইতিহাসেও তার অবদান বিশেষভাবে স্মরণীয়। ১৯৯০ সালে বাংলাহিলি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রথম জনসভার আয়োজনেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বেগম খালেদা জিয়ার সঙ্গে তাঁর পারিবারিক সুসম্পর্ক ছিল।

দলীয় রাজনীতির পাশাপাশি জনপ্রতিনিধি হিসেবেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন অধ্যাপক আকরাম হোসেন মন্ডল। তিনি হাকিমপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং হিলি-হাকিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে এলাকার উন্নয়ন, সামাজিক কর্মকাণ্ড ও সাংগঠনিক কার্যক্রমে তাঁর ভূমিকা ছিল উল্লেখযোগ্য।

তার মৃত্যুতে হাকিমপুরবাসী একজন প্রবীণ রাজনৈতিক অভিভাবক, শিক্ষাবিদ, সংগঠক ও সাবেক জনপ্রতিনিধিকে হারালেন। তার বর্ণাঢ্য কর্মময় জীবন, রাজনৈতিক অবদান এবং মানুষের সঙ্গে গড়ে ওঠা সুদীর্ঘ সম্পর্ক স্থানীয় মানুষের স্মৃতিতে দীর্ঘদিন অম্লান হয়ে থাকবে।