ফাহিমের নেতৃত্বে এনসিপির নতুন ক্রীড়া সংগঠনের যাত্রা শুরু আজ
ছবি সংগৃহীত।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নতুন ক্রীড়া সংগঠন ‘ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স’ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করছে আজ। সোমবার (২ নভেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে সংগঠনটির আত্মপ্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দেশের ক্রীড়া খাতের উন্নয়ন, সার্বিক কর্মকাণ্ড পর্যবেক্ষণ এবং তরুণদের খেলাধুলায় আগ্রহী করে তুলতে কাজ করবে নতুন এ সংগঠন।
ক্রীড়া সংগঠক ও ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদীন ফাহিমকে সংগঠনটির আহ্বায়ক করা হয়েছে। সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক ও অর্থ কমিটির সাবেক চেয়ারম্যান এম নাজমুল ইসলাম।
এনসিপির একাধিক সূত্র জানিয়েছে, নতুন সংগঠনে সাবেক খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকদেরও যুক্ত করা হচ্ছে। শুরুতে সীমিত পরিসরে কার্যক্রম চালু হলেও পর্যায়ক্রমে এর পরিধি বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
এম নাজমুল ইসলাম বলেন, ‘আমরা এনসিপির ক্রীড়া উইংয়ের হয়ে কাজ শুরু করতে যাচ্ছি। যেখানে ফাহিম ভাই আহ্বায়ক ও আমি সদস্য সচিব আছি। এ ছাড়া সাবেক খেলোয়াড় ও অন্য সংগঠকদের রাখা হচ্ছে। ধীরে ধীরে এর পরিধি বাড়বে।’
সংগঠনটির কার্যক্রম সম্পর্কে তিনি বলেন, ক্রীড়াঙ্গনের উন্নয়ন নিয়ে তারা কথা বলবেন এবং পরামর্শ দেবেন। শুধু ক্রিকেট নয়, দেশের সব ধরনের খেলাধুলা নিয়ে কাজ করবেন তারা। ক্রীড়াঙ্গনে কোনো ভুলত্রুটি থাকলে তা তুলে ধরবেন এবং সংশ্লিষ্ট দায়িত্বশীলদের সঙ্গে প্রয়োজনে সংলাপে বসবেন।
ভবিষ্যতে অর্থায়নের সুযোগ তৈরি হলে সরাসরি ক্রীড়া উন্নয়নমূলক কর্মকাণ্ডেও যুক্ত হওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান এম নাজমুল ইসলাম।