‘আমি হয়তো না-ও ফিরতে পারতাম’, অভিনয়ে যোগ দিয়ে তানিয়া বৃষ্টি
ছবিঃ সংগৃহীত
দীর্ঘ ৯ মাসের বিরতি। মস্তিষ্কে টিউমার ধরা পড়া, অস্ত্রোপচার, চিকিৎসা ও কেমোথেরাপির কঠিন পথ পেরিয়ে আবারও অভিনয়ে ফিরলেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি।
অসুস্থতার কারণে দীর্ঘদিন ক্যামেরা থেকে দূরে থাকলেও অভিনয়ে ফেরার ইচ্ছা ছিল তার। অবশেষে সেই অপেক্ষার অবসান হয়েছে।
ইকসান রনির পরিচালনায় ‘অংশীদার’ নাটকের শুটিংয়ের মধ্য দিয়ে কাজে ফিরেছেন এই অভিনেত্রী
গত ২৬ অক্টোবর নাটকটির শুটিং শুরু হয়। টানা দুদিনের শুটিংয়ে কাজ শেষ করেন তানিয়া। দীর্ঘদিন পর সেটে ফিরে সহকর্মীদের ভালোবাসা ও আন্তরিকতায় আবেগাপ্লুত হয়েছেন তিনি। ফেরার অভিজ্ঞতা জানিয়ে তানিয়া বৃষ্টি বলেন, ‘শুটিংয়ে সবার আন্তরিকতা আমাকে ইমোশনাল করে। পরিচালক থেকে শুরু করে সেটের প্রত্যেকেই আমার প্রতি আলাদা যত্ন নিয়েছেন। সবার এই ভালোবাসা ও সহযোগিতা আমার চোখে পড়েছে। দীর্ঘদিন পর কাজে ফিরে এমন পরিবেশ পেয়ে আমার ভীষণ ভালো লেগেছে। নতুন করে কাজ করার উৎসাহ ও অনুপ্রেরণা পেয়েছি। সবার আন্তরিকতা আমাকে বুঝিয়েছে, তারা আমার ফেরার অপেক্ষায় ছিলেন।’
এর আগে গত ৩ অক্টোবর ফেসবুক লাইভে অভিনয়ে ফেরার আগ্রহের কথা জানিয়েছিলেন অভিনেত্রী। তখন বলেছিলেন, ‘আমি তো অবশ্যই অভিনয়ে ফিরতে চাই। আমার ইচ্ছা আছে এই মাস থেকেই শুরু করতে চাই। সেভাবেই কথাবার্তা চলছে।’
চলতি বছরের ফেব্রুয়ারির মাঝামাঝি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তানিয়া। পরীক্ষা-নিরীক্ষার পর তার মস্তিষ্কে টিউমার ধরা পড়ে। ফেব্রুয়ারিতেই অস্ত্রোপচারের মাধ্যমে টিউমার অপসারণ করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ৯ মার্চ ভারতের চেন্নাইয়ে যান তিনি। সেখানে আরও দুটি অস্ত্রোপচার করতে হয় তাকে। এরপর শুরু হয় কেমোথেরাপি।
অসুস্থতার সময়ের অভিজ্ঞতা জানাতে গিয়ে আগের ফেসবুক লাইভে তানিয়া বলেছিলেন, ‘আমি হয়তো না-ও ফিরতে পারতাম, এমন শারীরিক অবস্থা ছিল। এখন আগের চেয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।’
দীর্ঘ চিকিৎসার সময় অভিনয়কে ভীষণ মিস করেছেন বলেও জানিয়েছিলেন তিনি।
‘অংশীদার’ নাটকের গল্পে উঠে এসেছে নারীর উত্তরাধিকার ও পারিবারিক সম্পত্তিতে মেয়েদের অধিকারের বিষয়। বাবার মৃত্যুর পর দুই বোনকে পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করার চেষ্টা করেন তাদের চাচা ও পরিবারের সদস্যরা। একপর্যায়ে নিজের ন্যায্য অধিকার আদায়ে প্রতিবাদী হয়ে ওঠেন বড় বোন।
ইকসান রনির গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত নাটকটির সংলাপ লিখেছেন ফারুক আহমেদ রানা ও নন্দী জুয়েল। তানিয়া বৃষ্টি ছাড়াও এতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, ডলি জহুর, নন্দী জুয়েল, আশরাফুল আশীষ, পংকজ মজুমদার, দেলোয়ার উদ্দিন, সিদ্দিক মাস্টার, কাকন চৌধুরী ও তাসমিয়াহ টিনা।
নির্মাতা জানিয়েছেন, নাটকটি শিগগিরই এটিএন বাংলায় প্রচারিত হবে। পরে দেখা যাবে ‘কেএসআই এন্টারটেইনমেন্ট’ ইউটিউব চ্যানেলে।