গুগল হেলথের সঙ্গে যুক্ত হতে পারে চ্যাটজিপিটি হেলথ, মিলবে স্বাস্থ্যবিষয়ক তথ্য
সংগৃহীত ছবি
ওপেনএআই অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের জন্য চ্যাটজিপিটিতে ‘গুগল হেলথ’ যুক্ত করার কথা ভাবছে। এই সুবিধাটি চালু হলে স্মার্টওয়াচ এবং ফিটনেস ট্র্যাকারের মাধ্যমে সংগৃহীত স্বাস্থ্য ও ফিটনেস ডেটা কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) চ্যাটবটটির সঙ্গে যুক্ত করার সুযোগ পাবেন ব্যবহারকারীরা। এই ডেটা বিশ্লেষণ করে চ্যাটবটটি ব্যবহারকারীদের স্বাস্থ্য সম্পর্কে বিস্তারিত তথ্য দিতে পারবে। এমনকি অতীত স্বাস্থ্যসংক্রান্ত তথ্য ঘেঁটে সময়ের সঙ্গে পরিবর্তনগুলোও চিহ্নিত করতে পারবে এটি।
অ্যান্ড্রয়েড অথরিটির প্রতিবেদন অনুযায়ী, চ্যাটজিপিটির সর্বশেষ অ্যান্ড্রয়েড সংস্করণ (১.২০২৬.৩০০)-এর কোডে গুগল হেলথ যুক্ত হওয়ার ইঙ্গিত মিলেছে। কোডে ‘অ্যান্ড্রয়েড হেলথ কানেক্ট’ সংক্রান্ত কিছু অনুমতির উল্লেখ রয়েছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা তাদের স্বাস্থ্য সম্পর্কিত তথ্য চ্যাটজিপিটির সঙ্গে শেয়ার করতে পারবেন বলে ধারণা করা হচ্ছে। এর মধ্যে একটি উল্লেখযোগ্য অনুমতি হলো ব্যাকগ্রাউন্ডে স্বাস্থ্য সম্পর্কিত তথ্য পড়ার সুবিধা। এর ফলে চ্যাটবটটি ব্যাকগ্রাউন্ড থেকেই এসব তথ্য সংগ্রহ করতে পারবে, ব্যবহারকারীকে বারবার অ্যাপ খোলার প্রয়োজন হবে না।
এই অনুমতির আওতায় ওজন, শরীরের চর্বি, পেশি এবং হাড়ের ভরের মতো সাধারণ স্বাস্থ্য তথ্য থাকবে। এ ছাড়া ঋতুস্রাব ও ডিম্বস্ফোটনের মতো প্রজনন স্বাস্থ্যের তথ্যও এর অন্তর্ভুক্ত হতে পারে। চ্যাটজিপিটি কেন নির্দিষ্ট স্বাস্থ্য তথ্যের অ্যাক্সেস চাইবে এবং কীভাবে সেই ডেটা ব্যবহার করবে, তা বোঝাতে প্রতিবেদনে হেলথ কানেক্ট-এর দুটি নতুন ধাপের কথা উল্লেখ করা হয়েছে। তবে এই প্রক্রিয়াগুলো ঠিক কীভাবে কাজ করবে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
বর্তমানে আইফোন ব্যবহারকারীরা চ্যাটজিপিটির সঙ্গে অ্যাপল হেলথ যুক্ত করে তাদের স্বাস্থ্য রেকর্ড শেয়ার করতে পারেন। তবে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য গুগল হেলথের এই ধরনের কোনো সমন্বিত ব্যবস্থা এখনো নেই। ওপেনএআই আনুষ্ঠানিকভাবে এই ফিচারের ঘোষণা বা কবে নাগাদ এটি চালু হতে পারে, তা এখনো জানায়নি। কোডে শুধু ইঙ্গিত পাওয়া গেছে; চূড়ান্তভাবে এটি চালু হবে কি না, তা নিয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।