ডিআইইউ ইকোনমিক্স ফোরামের আনুষ্ঠানিক যাত্রা শুরু

ডিআইইউ ইকোনমিক্স ফোরামের আনুষ্ঠানিক যাত্রা শুরু

সংগৃহীত

অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, গবেষণা, নেতৃত্বের বিকাশ ও সহশিক্ষামূলক কার্যক্রমকে এগিয়ে নিতে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) যাত্রা শুরু করেছে ‘ডিআইইউ ইকোনমিক্স ফোরাম’। এ ফোরামের মাধ্যমে শিক্ষার্থীদের তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি গবেষণার দক্ষতা ও বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ তৈরি হবে।

রবিবার (১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (এসটিসি) মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ফোরামটির উদ্বোধন করা হয়।

নবগঠিত এ ফোরাম অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের একাডেমিক দক্ষতা বৃদ্ধি, গবেষণামূলক চিন্তাভাবনা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে কাজ করবে। পাশাপাশি সেমিনার, কর্মশালা, গবেষণা উপস্থাপনা, বিতর্ক ও বিভিন্ন একাডেমিক কার্যক্রম আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের তাত্ত্বিক জ্ঞানের সঙ্গে বাস্তব অভিজ্ঞতার সংযোগ ঘটানো ফোরামটির অন্যতম লক্ষ্য।

অনুষ্ঠানে অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক শামীম আক্তার বলেন, “বিভাগের চেয়ারম্যান হিসেবে আমি বিশ্বাস করি, ডিআইইউ ইকোনমিক্স ফোরাম শিক্ষার্থীদের অর্থনৈতিক চিন্তাভাবনা, বিশ্লেষণী দক্ষতা, গবেষণামনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাশাপাশি সেমিনার, কর্মশালা, গবেষণা উপস্থাপনা, বিতর্ক ও বিভিন্ন একাডেমিক কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের তাত্ত্বিক জ্ঞানকে বাস্তব অভিজ্ঞতার সঙ্গে সংযুক্ত করার সুযোগ সৃষ্টি করবে।”

তিনি আরো বলেন, “আমাদের প্রত্যাশা, এই ফোরাম শুধু একটি শিক্ষার্থী সংগঠন হিসেবে নয়, বরং জ্ঞান, উদ্ভাবন, গবেষণা ও পেশাগত উৎকর্ষের একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে গড়ে উঠবে। শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ এবং সকল শিক্ষক ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সহযোগিতায় ডিআইইউ ইকোনমিক্স ফোরাম ভবিষ্যতে একটি সমৃদ্ধ ও গতিশীল একাডেমিক পরিবেশ তৈরিতে অবদান রাখবে।”

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. নাজমুস সাদেকিন।

এছাড়া, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিআইইউর শিক্ষার্থী কল্যাণ বিভাগের পরিচালক ও উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ শাহ আলম চৌধুরী (ইংরেজি বিভাগ) এবং সেন্টার ফর রিসার্চ এক্সিলেন্স অ্যান্ড ডেভেলপমেন্টের (সিআরইডি) যুগ্ম পরিচালক ও সহযোগী অধ্যাপক মিলি রহমান। বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরাও অনুষ্ঠানে অংশ নেন।

সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করছেন, নতুন এ ফোরামের মাধ্যমে অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের মধ্যে গবেষণার আগ্রহ, একাডেমিক উৎকর্ষ, পারস্পরিক সহযোগিতা ও নেতৃত্বের গুণাবলি আরো বিকশিত হবে।